১২.স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।১৯৭১ সালের ৪ সেপ্টেম্বর মুক্তিযোদ্ধাদের দলনেতা খাজা নিজামউদ্দীন তাঁর দল নিয়ে সিলেট জেলার কানাইঘাটের আটগ্রাম সড়কের বাজারের কাছে একটি সেতু বিস্ফোরক দিয়ে ধ্বংস করেন। সে সময় একদল পাকিস্তানি সেনা সেতুর খুব কাছাকাছি অবস্থান করছিল। তারা নিজামউদ্দীনের দলকে আক্রমণ করে। তখন পাকিস্তানি সেনাদের সঙ্গে তাঁদের সম্মুখ যুদ্ধ শুরু হয়। এই যুদ্ধে তিনি ও তাঁর দলের মুক্তিযোদ্ধারা যথেষ্ট সাহসিকতার সঙ্গে পাকিস্তানি বাহিনীকে মোকাবিলা করতে থাকেন। একপর্যায়ে পাকিস্তানি সেনাদের নিক্ষিপ্ত গোলার আঘাতে খাজা নিজামউদ্দীন শহীদ এবং কয়েকজন মুক্তিযোদ্ধা আহত হন। এই যুদ্ধে পাকিস্তানি বাহিনীরও অনেক ক্ষয়ক্ষতি হয়। যুদ্ধ শেষে দলের অন্য মুক্তিযোদ্ধারা খাজা নিজামউদ্দীনের মৃতদেহ ও আহত মুক্তিযোদ্ধাদের উদ্ধার করতে সক্ষম হন। পরে মুক্তিযোদ্ধারা শহীদ খাজা নিজামউদ্দীন ভূঁইয়াকে সিলেটের মুকামটিলায় সমাহিত করেন। খাজা নিজামউদ্দীন ভূঁইয়া ১৯৭০ সালে এমকম পরীক্ষা শেষ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ে নৈশ বিভাগে এমবিএতে ভর্তি হয়েছিলেন। চাকরিও করতেন, ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে (বর্তমানে শেরাটন)। কন্ট্রোলার অব অ্যাকাউন্টস পদে কর্মরত ছিলেন। চাকরি ও পড়াশোনা, দুটোই একসঙ্গে চালিয়ে যাচ্ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে ১৯ এপ্রিল তিনি ঢাকা থেকে পালিয়ে নিজ এলাকা হয়ে ভারতে চলে যান। তখন তাঁর বয়স ছিল ২২। ভারতে অস্ত্র প্রশিক্ষণ নেওয়ার পর তিনি ৪ নম্বর সেক্টরের অধীন জালালপুর সাব-সেক্টরে যুদ্ধ করেন। সিলেট জেলার কানাইঘাট, মস্তানগঞ্জ, ভরামইদ, নক্তিপাড়া, মনিপুর বাজারে পাকিস্তানি বাহিনীর বিরুদ্ধে নিজামউদ্দীন যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ সাহসিকতা প্রদর্শনের জন্য শহীদ খাজা নিজামউদ্দীন ভূঁইয়া বীর-উত্তম খেতাবে ভূষিত হয়েছেন। শহীদ খাজা নিজামউদ্দীন অবিবাহিত ছিলেন। ১৯৪৯ সালের ১৯ ফেব্রুয়ারি তিনি কুমিল্লায় জন্মগ্রহণ করেন। বাবা ছিলেন সরকারি চাকুরে। তাঁর বাবার নাম আবদুল লতিফ ভূঁইয়া। মায়ের নাম তাবেন্দা আক্তার। স্থায়ী ঠিকানা: গ্রাম-মালাপাড়া, উপজেলা-ব্রাহ্মণপাড়া, জেলা-কুমিল্লা। খাজা নিজামউদ্দীনেরা ছয় ভাই, তিন বোন। গ্রন্থনা: তারা রহমান