তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাত.স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।খসরু মিয়া টাঙ্গাইল জেলার ঘাটাইল এলাকার সাধারণ এক কৃষক পরিবারের সন্তান ছিলেন। প্রাথমিক শিক্ষার স্তর পেরোতে পারেননি। ১৯৭১ সালে তাঁর বয়স ছিল ২৫ বছর। সে সময় কৃষিকাজ করে জীবিকা নির্বাহ করতেন।১৯৭১ সালের ২৬ মার্চের পর টাঙ্গাইলে পাকিস্তানি সেনাবাহিনীকে প্রতিরোধে ছাত্র-যুবক-জনতার সমন্বয়ে স্বতঃস্ফূর্তভাবে প্রতিরোধ বাহিনী গড়ে ওঠে। খসরু মিয়াও এই বাহিনীতে যোগ দিয়ে সক্রিয় ভূমিকা রাখেন। পরে কাদেরিয়া বাহিনীতে যোগ দিয়ে খোরশেদ আলম তালুকদারের তত্ত্বাবধানে অস্ত্র চালনার প্রশিক্ষণ নেন। খোরশেদ আলম কাদেরিয়া বাহিনীর একটি কোম্পানির কমান্ডার ছিলেন।খসরু মিয়া ৭ আগস্ট টাঙ্গাইলের কালিহাতী থানার (বর্তমানে উপজেলা) শয়া পালিমায় পাকিস্তানি সেনাবাহিনীর একটি দল ও তাদের সহযোগী রাজাকার বাহিনীর সঙ্গে সম্মুখযুদ্ধ করে খ্যাতি অর্জন করেন। এই যুদ্ধে পাকিস্তানি সেনাবাহিনী ও রাজাকারদের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। শয়া পালিমা ছাড়াও টাঙ্গাইলের গোপালপুর, ভুয়াপুর, ধলাপাড়া, বানিয়াপাড়া ও পাবনার নগরবাড়িতে তিনি পাকিস্তানি সেনা ও তাদের সহযোগী রাজাকার বাহিনীর বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে যুদ্ধ করেছেন। কাদেরিয়া বাহিনীর খোরশেদ আলম তালুকদারের কোম্পানিতে তিনি গ্রুপ কমান্ডার ছিলেন।মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য খসরু মিয়া বীর প্রতীক খেতাব পেয়েছেন। ১৯৮১ সালে তিনি মারা যান।খসরু মিয়া বীর প্রতীকের স্থায়ী ঠিকানা—গ্রাম: রতনপুর, উপজেলা: ঘাটাইল, জেলা: টাঙ্গাইল। তাঁর বাবার নাম রুকুনুদ্দীন মিয়া, মায়ের নাম খ্যাতিমন। তিনি বিবাহিত ছিলেন। তাঁর স্ত্রীর নাম হালিমা খাতুন। তাঁদের এক ছেলে ও দুই মেয়ে। খসরু মিয়ার স্ত্রী এখনো বেঁচে আছেন। তাঁর আর্থিক অবস্থা খুবই খারাপ। ভিটেবাড়ি এবং কয়েক শতাংশ কৃষিজমি ছাড়া উল্লেখ করার মতো তেমন আর কিছু এই পরিবারের নেই। মেয়েদের বিয়ে হয়ে গেছে। ছেলে রুমু আজাদ দশম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করেছেন। তিনি তাঁর বড় বোনের স্বামীর ধানকল দেখাশোনা করে জীবিকা নির্বাহ করেন। গ্রন্থনা: তারা রহমান