আট.স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।অলিক কুমার গুপ্ত শিক্ষাজীবন শেষে নিজ এলাকায় পারিবারিক ও সামাজিক কর্মকাণ্ডে জড়িত ছিলেন। ১৯৭১ সালে তাঁর বয়স ছিল ২৩। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি ৭ মে ভারতের করিমপুর (বেতাগী) যান। সেখানে একটি শিবিরে প্রাথমিক প্রশিক্ষণ নেওয়াকালে তাঁকে প্রথম বাংলাদেশ কমিশন অফিসার ওয়ারকোর্সে অন্তর্ভুক্ত করা হয়। কমিশন লাভের পর তাঁকে বাংলাদেশ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করে ৮ নম্বর সেক্টরে সদরদপ্তর কল্যাণীতে পাঠানো হয়। ১৩ অক্টোবর তিনি ওই সেক্টরের অধীন বয়রা সাব সেক্টরে সহকারী অধিনায়ক হিসেবে দায়িত্ব পান। এই সাব সেক্টরের অধিনায়ক ছিলেন ক্যাপ্টেন খন্দকার নাজমুল হুদা।১৭ অক্টোবর ছুটিপুরে পাকিস্তান সেনাবাহিনী ৩৮ এফএফ রেজিমেন্টের এক প্লাটুন শক্তির একটি ডিফেন্সে মুক্তিযোদ্ধারা আক্রমণ করে। তিনি এই যুদ্ধে অংশ নেন। ২৬ অক্টোবর তাঁর নেতৃত্বে মুক্তিযোদ্ধারা যশোর-চুরামনকাঠি-চৌগাছা সড়কের সলুয়া বাজার সেতু রক্ষায় নিয়োজিত পাকিস্তানি মিলিশিয়া ও রাজাকারদের আক্রমণ এবং সেতু আংশিকভাবে ধ্বংস করে। ১১ নভেম্বর তাঁরা চৌগাছা সীমান্ত সংলগ্ন মাসলিয়া-চৌগাছা সড়কে অ্যাম্বুশ করে পাকিস্তান সেনাবাহিনীর ৩৮ এফএফ রেজিমেন্টের একটি অগ্রবর্তী দলকে আক্রমণ করে তাদের ব্যাপক ক্ষয়ক্ষতি করেন। যুদ্ধের পর তাঁরা ওই রেজিমেন্টের বিভিন্ন পদবির নয়জন সৈনিকের মৃতদেহ ও তাদের অস্ত্রশস্ত্র উদ্ধার করে ভারতে নিয়ে যান। এরপর থেকে তাঁরা ভারতীয় বাহিনীর অধীনে যুদ্ধ করেন। মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য অলিক কুমার গুপ্ত বীর প্রতীক খেতাব পেয়েছেন। অলিক কুমার গুপ্ত স্বাধীনতার পর বাংলাদেশ সেনাবাহিনীতেই থেকে যান। পরে মেজর পদ থেকে অবসর নেন। বর্তমানে ঢাকার মিরপুরে আল হেলাল বিশেষায়িত হাসপাতালে চাকরি করছেন। তাঁর স্থায়ী ঠিকানা: গ্রাম মহেন্দ্রপুর, ডাক খানগঞ্জ, জেলা রাজবাড়ী। অলিক কুমার গুপ্তের বাবার নাম মনোরঞ্জন গুপ্ত, মায়ের নাম নমিতা গুপ্ত। তিনি বিবাহিত। স্ত্রীর নাম কান্তা নন্দী। তাঁদের এক ছেলে, এক মেয়ে।আলাপকালে অলিক কুমার গুপ্ত বললেন, ‘স্বাধীনতার ৪০ বছর পর আমি অনুভব করি, আমরা ও আমাদের উত্তরসূরিরা একটি স্বাধীন দেশ পেয়েছি। এটাই সবচেয়ে বড় প্রাপ্তি।’ গ্রন্থনা: তারা রহমান