তোমাদের এ ঋণ শোধ হবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নয়স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।নূর হামিম রিজভী ১৯৭১ সালে এইচএসসির শিক্ষার্থী ছিলেন। মুক্তিযুদ্ধ শুরু হলে তিনি মা ও ছোট দুই ভাইকে সঙ্গে নিয়ে রাজশাহী থেকে পালিয়ে ভারতের মুর্শিদাবাদে নানার বাড়িতে আশ্রয় নেন। এখানে থাকার সময় তিনি সিদ্ধান্ত নেন মুক্তিযুদ্ধে যোগ দেবেন। কিন্তু তাঁর মামারা এতে বাদ সাধলেন। তাঁর বাবা বেঁচে ছিলেন না। মা ছিলেন তাঁর অভিভাবক। তিনি বললেন, ‘যারা গণহত্যা ও নারীর ওপর নির্যাতন চালাচ্ছে, তাদের অপকর্ম নীরবে সহ্য করতে আমার ছেলে ঘরে বসে থাকতে পারে না।’ রিজভী ভারতের চাকুলিয়ায় প্রশিক্ষণ নিয়ে ক্যাপ্টেন গিয়াস উদ্দিন আহমদের অধীনে যোগ দেন। রাজশাহীর গোদাগাড়ী চাপল মসজিদসংলগ্ন স্থানে পাকিস্তানি মিলিশিয়া ও রাজাকারদের ক্যাম্প। সন্ধ্যার পর থেকে সেখানে পাকিস্তানি বাহিনীও অবস্থান করত। আর টহল দিত। ক্যাপ্টেন গিয়াস একদিন মুক্তিযোদ্ধাদের নির্দেশ দিলেন পাকিস্তানি বাহিনীকে অ্যাম্বুস করার। রেকি করে তাঁরা স্থান নির্বাচন করলেন আলিমগঞ্জের কসবা নামক স্থান। সেদিন ছিল ৭ নভেম্বর। প্রতিদিন রাত ১০টা-সাড়ে ১০টার মধ্যে পাকিস্তানি বাহিনীর টহল গাড়ি ওই জায়গা ক্রস করে চাঁপাইনবাবগঞ্জ যায়। রাত ১১টার দিকে পাকিস্তানি বাহিনীর টহল গাড়ি সেখানে এলে মুক্তিযোদ্ধারা একযোগে চালালেন আক্রমণ। গুলিতে মুহূর্তে গাড়ি ঝাঁজরা হয়ে গেল। গাড়িতে ছিল পাকিস্তানি সেনাবাহিনীর পাঞ্জাব রেজিমেন্টের এক ক্যাপ্টেন, নয়জন সেনা ও পাকিস্তানিদের সহযোগী এক বাঙালি পুলিশ কর্মকর্তা। রিজভী এর আগে ও পরে আরও কয়েকটি অপারেশনে অংশ নিয়েছেন। এই অপারেশন তাঁর মুক্তিযোদ্ধার জীবনে সবচেয়ে স্মরণীয়।মুক্তিযুদ্ধে সাহসিকতা প্রদর্শনের জন্য নূর হামিম রিজভী বীর প্রতীক খেতাব পেয়েছেন। রিজভী বর্তমানে রাজশাহী শহরের ফুদকিপাড়ায় পৈতৃক নিবাসে বসবাস করছেন। তাঁর বাবার নাম আবদুল আল্লাম। তিনি চিকিৎসক ছিলেন। মায়ের নাম নূর মহল। রিজভী বিবাহিত। স্ত্রীর নাম ইলা। তাঁদের দুই ছেলে। আলাপকালে রিজভী জানালেন, ‘ব্যক্তিগতভাবে ঠিক কিছু পাওয়ার আশায় আমি যুদ্ধ করিনি। আমার মাতৃভূমি ছিল পরাধীনতার গ্লানিতে জর্জরিত। আমরা ছিনিয়ে এনেছি স্বাধীনতার সূর্য। আমাদের সন্তানেরা মানুষের অধিকার প্রতিষ্ঠা করবে।’ গ্রন্থনা: তারা রহমান