১০স্বাধীনতার চার দশক উপলক্ষে আমরা স্মরণ করছি বীর মুক্তিযোদ্ধাদের। খেতাবপ্রাপ্ত মুক্তিযোদ্ধাদের নিয়ে আয়োজন করা হয়েছে প্রতিদিন এই ধারাবাহিকের।আবদুল মজিদ বীর বিক্রম১৯৭১ সালে মুক্তিযুদ্ধ শুরু হলে আবদুল মজিদ যুদ্ধে যোগ দেন। তিনি ছিলেন ইপিআর (স্বাধীনতার পর বিডিআর, এখন বিজিবি)-এ। মুক্তিযুদ্ধে সাহসিকতার জন্য তাঁকে বীর বিক্রম খেতাব প্রদান করা হয়। কিন্তু আবদুল মজিদ এ কথা ১৯৯১ সালের আগ পর্যন্ত জানতেন না। সে বছর তাঁর স্থায়ী ঠিকানায় একটি ঈদকার্ড আসে। খামে লেখা আবদুল মজিদ বীর বিক্রম। তিনি প্রথমে বুঝতে পারেননি এর অর্থ। পরে যখন বুঝলেন, তাঁর মনে সন্দেহ জাগে, সত্যিই কী এটা আমি পেয়েছি? তারপর ১৯৯৮ সালে বীর বিক্রম মেডেল ও সনদপত্র তিনি হাতে পান।আবদুল মজিদ ৬ নম্বর সেক্টরের অধীন লালমনিরহাটের পাটগ্রাম-হাতীবান্ধা এলাকায় যুদ্ধ করেন। জুন মাসের মাঝামাঝি হাতীবান্ধা দখলের পরদিন তাঁরা যান হাতীবান্ধার পূর্বের পারুলিয়া রেলসেতু ধ্বংস করতে। আবদুল মজিদ ছিলেন এই অভিযানে অংশ নেওয়া মুক্তিযোদ্ধাদের অগ্রবর্তী দলের গ্রুপ কমান্ডার। সেতুর কাছে অবস্থান নেওয়ার কিছু পর দেখেন লালমনিরহাটের দিক থেকে এগিয়ে আসছে অসংখ্য পাকিস্তানি সেনা। গ্রুপ কমান্ডার এবং গানার এক হিসেবে তিনি ব্রেনগান হাতে ছিলেন সবার সামনে। তাঁর সঙ্গে কয়েকজন ইপিআর সদস্য। নিশানার মধ্যে পাকিস্তানি সেনারা আসামাত্র গর্জে উঠল আবদুল মজিদের ব্রেনগান। একই সময় তাঁর সঙ্গীরাও একযোগে গুলি করা শুরু করলেন। চোখের সামনে দেখলেন গুলিতে লুটিয়ে পড়ল বেশ কজন পাকিস্তানি সেনা। পাকিস্তানিদের দিক থেকেও শুরু হলো পাল্টা গুলিবর্ষণ। একটু পর তারা শুরু করে আর্টিলারি শেলিং। একপর্যায়ে আবদুল মজিদ দেখেন, তাঁর সঙ্গীরা কেউ নেই। তিনি শুধু একা ওখানে। এরপর নিজেকে কীভাবে বাঁচালেন সে আরেক কাহিনী। বিভিন্ন এলাকায় তিনি যুদ্ধ করেছেন। কিন্তু পারুলিয়া তাঁর জীবনে সবচেয়ে স্মরণীয়।আবদুল মজিদ বর্তমানে দিনাজপুরের বিরল উপজেলার বেতুড়া গ্রামের ভারাডাঙ্গী বাজারের পাশে বসবাস করেন। তাঁর বাবার নাম আফার মোহাম্মদ। মায়ের নাম আহেলা খাতুন। স্ত্রীর নাম মোজলেসা বেগম। তাঁদের এক ছেলে ও এক মেয়ে।আলাপকালে আবদুল মজিদ জানালেন, ‘দেশের জন্য আমি যুদ্ধ করেছি, দেশ স্বাধীন হয়েছে। এতেই আমি সন্তুষ্ট।’ গ্রন্থনা: তারা রহমানতথ্য: আসাদুল্লাহ সরকার