তোমাদের ভেতর থেকেই আসবে আইনস্টাইন, হকিং

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘একদিন তোমাদের ভেতর থেকেই বেরিয়ে আসবে একজন আইনস্টাইন, একজন স্টিফেন হকিং। তখন তোমাদেরকে দিয়েই বাংলাদেশকে চিনবে বিশ্বের মানুষ।’

আজ শুক্রবার গণিত উৎসবের উদ্বোধনী পর্বে এমন আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। রাজধানীর সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের মাঠে সকাল নয়টায় এই উৎসবের উদ্বোধন করা হয়। মাঘের শেষ দিনে ঘন কুয়াশা ও শীত উপেক্ষা করে উৎসবে যোগ দিতে আসা খুদে শিক্ষার্থীদের প্রাণবন্ত উপস্থিতি যেন বর্ণিল বসন্তের আভাস দেয়।
জামিলুর রেজা চৌধুরী খুদে গণিতবিদদের বলেন, ‘যদি শেখার মধ্যে আনন্দ থাকে, তাহলে সেই শিক্ষা পূর্ণতা পায়। আর গণিত যে একটা আনন্দের বিষয়—এই বোধটা বোধহয় আমরা তোমাদের মধ্যে জাগাতে পেরেছি। গণিত উৎসবে তোমাদের স্বতঃস্ফূর্ত উপস্থিতি সেটাকেই প্রমাণ করে।’

রঙিন বেলুন উড়িয়ে জাতীয় গণিত উৎসবের উদ্বোধন। ছবি: সুমন ইউসুফ
রঙিন বেলুন উড়িয়ে জাতীয় গণিত উৎসবের উদ্বোধন। ছবি: সুমন ইউসুফ

ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতায় এবং প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উৎসবের আয়োজন করেছে। চলতি বছরের জুলাইয়ে হংকংয়ে অনুষ্ঠেয় ৫৭ তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের জন্য বাংলাদেশ গণিত দলের সদস্যদের নির্বাচন করার লক্ষ্যে সারা দেশের ২৪টি জেলা শহরের আঞ্চলিক উৎসবে অংশ নেয় প্রায় ৩৫ হাজার শিক্ষার্থী। এর মধ্যে বিজয়ী এক হাজার ৩৫০ জন শিক্ষার্থীকে নিয়ে অনুষ্ঠিত হচ্ছে দুই দিনের এই জাতীয় উৎসব।

এর মধ্য দিয়েই ভবিষ্যতে বিশ্বজয় করার মতো গণিতবিদ বেরিয়ে আসবে—এমন প্রত্যাশা ব্যক্ত করে জামিলুর রেজা চৌধুরী বলেন, ‘বিজ্ঞানীরা মহাকর্ষীয় তরঙ্গ সরাসরি শনাক্ত করার ঘোষণা দিয়েছেন। ১০০ বছর আগে আপেক্ষিকতা তত্ত্বে এই মহাকর্ষীয় তরঙ্গেরই পূর্বাভাস দিয়েছিলেন আলবার্ট আইনস্টাইন। প্রতি বছরের গণিত উৎসবে তোমাদের উপস্থিতি যেভাবে বাড়ছে, আর আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডে আমাদের যে সাফল্য, এতে একদিন তোমাদের ভেতর থেকেই বেরিয়ে আসবে একজন আইনস্টাইন, একজন স্টিফেন হকিং।’

এর আগে জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা এবং বাংলাদেশ ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে উৎসবের উদ্বোধন করা হয়। উদ্বোধন ঘোষণা করেন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ ব্রাদার রবি পিউরিফিকেশন।

উদ্বোধনী মঞ্চে বক্তব্য দেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। ছবি: জাহিদুল করিম
উদ্বোধনী মঞ্চে বক্তব্য দেন অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী। ছবি: জাহিদুল করিম

এই পর্বে উপস্থিত ডাচ্-বাংলা ব্যাংক লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ বলেন, ‘গণিত মানুষকে সৃজনশীল হতে শেখায়। গত ১৪ বছর ধরে আয়োজিত এ অলিম্পিয়াড পরিণত হয়েছে উৎসবের প্রতিশব্দে। আশা করব, তোমরা একদিন বিশ্বজয় করবে। বাংলাদেশ এবং এ দেশের মানুষকে গৌরবের আসনে আসীন করবে।’

শুভেচ্ছা বক্তব্যে প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান বলেন, ‘আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের ১২টি আসরে যোগ দিয়ে এ পর্যন্ত বাংলাদেশ দল তিনটি রৌপ্য ও ১৫টি ব্রোঞ্জপদক পেয়েছে। শুরু থেকেই আমাদের লক্ষ্য ছিল স্বর্ণপদক। আশা করব, এবারের জাতীয় উৎসব থেকে গঠিত গণিত দল আমাদের সেই সাফল্য এনে দেবে।’

এবারের চতুর্দশ গণিত অলিম্পিয়াডকে বিশ্বের সবচেয়ে বড় গণিত অলিম্পিয়াড হিসেবে অভিহিত করে মতিউর রহমান বলেন, সব মিলিয়ে গত ১৪ বছরে এই উৎসব অন্য মাত্রায় পৌঁছে গেছে। এ এক অনন্য, বিস্ময়কর সাফল্য।

উদ্বোধনী পর্বে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশিষ্ট গণিতবিদ ও শিক্ষাবিদ অধ্যাপক মুনিবুর রহমান চৌধুরী, অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, অধ্যাপক আনোয়ার হোসেন, অধ্যাপক লায়েক সাজ্জাদ এন্দেল্লাহ, বিজ্ঞানী রেজাউর রহমান, প্রথম আলোর সহযোগী সম্পাদক আনিসুল হক, মনোরোগ চিকিৎসক মোহিত কামাল, বাংলাদেশ গণিত দলের কোচ ড. মাহবুব মজুমদার, টিচার্স ট্রেনিং কলেজের গণিত বিভাগের শিক্ষক রাজিয়া বেগম প্রমুখ।

শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। ছবি: সুমন ইউসুফ
শুভেচ্ছা বক্তব্য দেন প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান। ছবি: সুমন ইউসুফ

উদ্বোধনী পর্ব শেষে শিক্ষার্থীরা চার ক্যাটাগরিতে চতুর্দশ বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পরীক্ষা পর্বে অংশ নিচ্ছে। এরপর থাকবে ওয়াটার রকেট উৎক্ষেপণ, সাইকেল স্টান্ট, বিজ্ঞান বিষয়ক মজার পর্ব ছুঃ বিজ্ঞান ছুঃ ও সুডোকু প্রতিযোগিতা।

আগামীকাল শনিবার সকাল সাড়ে আটটা থেকে শুরু হওয়া উৎসবে থাকবে গণিতের পট, সাংস্কৃতিক অনুষ্ঠান ও রুবিকস কিউব প্রতিযোগিতা। বেলা ১১টায় সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণের মধ্য দিয়ে শেষ হবে এ বছরের উৎসব।

উৎসবে ২৪টি জেলার জন্য আলাদা বুথের বন্দোবস্ত করা হয়েছে। এ ছাড়া বিজ্ঞান ও গণিত বিষয়ক বই নিয়ে চলছে বইমেলা।

জাতীয় গণিত উৎসব
জাতীয় গণিত উৎসব