তোমার বর্ণে সাজবে বর্ণমেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বর্ণমেলা: একুশে ফেব্রুয়ারি ২০১৪
বর্ণমেলা: একুশে ফেব্রুয়ারি ২০১৪

একুশে ফেব্রুয়ারিতে ঢাকা ও চট্টগ্রামে তোমার পাঠানো নানারূপের বর্ণে সাজবে একুশে ফেব্রুয়ারির বর্ণমেলা। তুমি যদি অনূর্ধ্ব দশম শ্রেণীর শিক্ষার্থী হও, বর্ণ পাঠিয়ে মেলায় অংশ নেওয়ার সুযোগ থাকছে এখনই। এ প্রতিযোগিতায় অংশ নিতে বর্ণ বানিয়ে পাঠিয়ে দাও। বাছাই করা এসব বর্ণের প্রদর্শনী হবে বর্ণমেলায়। আর সেরাদের জন্য থাকবে পুরস্কার।
বর্ণ বানানোর প্রতিযোগিতায় অংশ নিতে সহজে নষ্ট হয় না, এমন যেকোনো বস্তু দিয়ে তোমার প্রিয় বর্ণ বানিয়ে পাঠিয়ে দাও প্রথম আলোতে। ঢাকার বর্ণমেলায় অংশ নিতে চাইলে বর্ণ পাঠাতে হবে প্রথম আলোর ঢাকা কার্যালয়ে আর চট্টগ্রামের জন্য চট্টগ্রাম কার্যালয়ের ঠিকানায়। সরাসরি বা ডাকযোগে বর্ণ পাঠানো যাবে ১৯ ফেব্রুয়ারি পর্যন্ত।
ঢাকা ও চট্টগ্রামে এবারও বর্ণমেলা
বাংলা বর্ণ, ভাষা ও ভাষা আন্দোলনের মহিমা নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে একুশে ফেব্রুয়ারি প্রথম আলোর উদ্যোগে পঞ্চমবারের মতো আয়োজিত হচ্ছে দিনব্যাপী আনন্দমুখর বর্ণমেলা। বর্ণের এই বর্ণিল মেলা বসবে ঢাকায় ধানমন্ডির সুলতানা কামাল মহিলা ক্রীড়া কমপ্লেক্সে এবং চট্টগ্রামের নাসিরাবাদ সরকারি বালক উচ্চবিদ্যালয়ে। মেলা শুরু হবে সকাল নয়টা থেকে, চলবে বিকেল পাঁচটা পর্যন্ত।
এ ছাড়া একুশে ফেব্রুয়ারিতে বর্ণমেলায় অনূর্ধ্ব দশম শ্রেণীর শিক্ষার্থীদের তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে সুন্দর হাতের লেখা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা। চিত্রাঙ্কন প্রতিযোগিতা হবে সকাল ৯ টা ৩০ মিনিট থেক ১০ টা ৩০ মিনিট পর্যন্ত। সুন্দর হাতের লেখা প্রতিযোগিতা হবে বেলা ১১টা থেকে ১১টা ৩০ মিনিট পর্যন্ত। প্রতিযোগীদের মেলা প্রাঙ্গণে প্রতিযোগিতার ৩০ মিনিট আগে চলে আসতে হবে।
দিনব্যাপী বর্ণমেলায় থাকছে বাংলা বর্ণমালা নিয়ে বিভিন্ন প্রদর্শনী, নাগরদোলা, পুতুল খেলা, সিসিমপুর, বর্ণ দিয়ে টি-শার্টের নকশা, বর্ণ ক্যানভাস, মুখোশ প্রদর্শনীসহ নানা আয়োজন। বাংলা বর্ণমালা নিয়ে খাবার, পোশাক, বই ইত্যাদি প্রদর্শন ও বিক্রয়ের ব্যবস্থাও থাকবে মেলায়।
বর্ণমেলার অন্যতম আকর্ষণ বর্ণ পরিচয়ের উৎসব ‘হাতেখড়ি’। ছোট্ট সোনামণিদের হাতেখড়ি দিতে বর্ণমেলায় উপস্থিত থাকবেন দেশরবরেণ্য কবি, লেখক, শিল্পী ও শিক্ষাবিদেরা। ঢাকা ও চট্টগ্রাম থেকে সারা দিন বর্ণামেলা সরাসরি সম্প্রচার করবে চ্যানেল নাইন।
প্রথম আলোর আয়োজনে বর্ণমেলার বিশেষ সহযোগী সার্ফ এক্সেল। সহযোগিতা করছে পেপসোডেন্ট, লাইফবয়, পিউর ইট, মেরিল বেবি ও সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড। সম্প্রচার সহযোগী চ্যানেল নাইন ও এবিসি রেডিও।