তোমায় নতুন করে পাব বলে হারাই ক্ষণে ক্ষণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
করোনাভাইরাস। ছবি: রয়টার্স
করোনাভাইরাস। ছবি: রয়টার্স

কোনো সাইরেন বাজছে না, আকাশে বোমারু বিমান চক্কর দিচ্ছে না, বোমা ফাটছে না, বন্দুক–মেশিনগান নিয়ে সেনাদল টহল দিচ্ছে না। তবু আতঙ্কে কাঁপছে মানুষ, কাঁপছে সারা পৃথিবী। স্বেচ্ছাবন্দিত্বে থেমে গেছে কালের চাকা।

ক্ষুদ্রাতিক্ষুদ্র অদেখা ভয়ংকর এক ভাইরাস কী প্রবল প্রতাপে গেরিলা যুদ্ধ চালিয়ে যাচ্ছে! সে মানছে না কোনো সীমানা, কোনো আদর্শ, রাষ্ট্র, দেশ, রাজা-প্রজা, সীমানা, জাত, ধর্ম-বর্ণ। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হচ্ছে মানুষ। আক্রান্ত মানুষের সংখ্যা প্রতিদিন বেড়ে যাচ্ছে।

পৃথিবীর ইতিহাসে বিভিন্ন বিশ্বযুদ্ধে, ধর্মযুদ্ধে মানুষ একসঙ্গে টিকে থাকার লড়াই করে গেছে। একসঙ্গে বুক পেতে দিয়েছে, একসঙ্গে বেঁচেছে, মরেছে একসঙ্গে। একসঙ্গে আত্মরক্ষা করেছে। প্রতিরোধও গড়েছে মিলিতভাবে। একজন আরেকজনের পারস্পরিক ভরসা হয়েছে।

অদেখা ভাইরাসের হুংকারে আজ ‘একসঙ্গে’ শব্দটি বাতিল হয়ে চিন্তা–কর্মে ‘একা’ ঢুকে গেছে। পাশে যে মানুষটি আছে, তার মধ্যে যদি নিঃশব্দে লুকিয়ে থাকে প্রাণঘাতী ভাইরাসটি? কাউকে বিশ্বাস করা যাবে না। দূরে সরিয়ে রাখ তাকে। হোক সে যতই আপনজন। এই করোনা–আতঙ্ক সব মানুষকে মনের বিরুদ্ধে অন্য রকম আচরণ করাতে বাধ্য করছে।

বাসায় কেউ এলে দরজা খুলছে না। অসুস্থ হলে পরিবারের অন্য সদস্যরা ভয়ে এড়িয়ে চলছে। এত দিন পরিবারের যে ডাক্তার সদস্যকে নিয়ে যারা গর্ব করেছে, সুবিধা নিয়েছে, হাসপাতাল থেকে সে বাড়ি এলে ‘ছুঁয়ো না ছুঁয়ো না’ করছে।

বাড়িওয়ালা তাঁর ডাক্তার বা নার্স ভাড়াটে, যাঁর কাছ থেকে সময়ে–অসময়ে সার্ভিস নিয়েছেন, আজ এ করোনা পরিস্থিতিতে সেই বাড়িওয়ালাই বাড়ি ছাড়তে বলছেন তাঁকে। মৃত্যুর পর মায়ের লাশ রেখে সন্তান পালিয়ে যাচ্ছে।

তার মানে কি এই যে আমাদের ভালোবাসা নেই, মানবিকতা নেই? সব আছে, সব। এ ক্রাইসিস শেষে সব ঠিক হয়ে যাবে। সংক্রমণশীল এই গেরিলা ভাইরাসকে প্রতিরোধ করতে সামাজিক দূরত্ব বজায় রাখার আর কোনো বিকল্প নেই।

এই সাময়িক পরিবর্তন মেনে নিতে হবে সবাইকে। মানুষ লড়াই চালিয়ে যাচ্ছে এই ভাইরাসটিকে পরাজিত করতে। বিজ্ঞানীরা গবেষণা করছেন প্রতিকার প্রতিরোধ ও ওষুধ আবিষ্কারের। সামাজিক দূরত্ব, হাত ধোয়া, রাষ্ট্রনীতি মেনে চলা জনজীবনকে বাঁচানোর ঢাল। শুধু প্রয়োজন সম্মিলিত ইচ্ছা, প্রচেষ্টা, ধৈর্য।

খেয়াল করেছেন কি আকাশটা আগের চেয়ে কত নীল! সমুদ্রে খেলা করছে ডলফিন। বেলাভূমিজুড়ে বেগুনি লতা–ফুল। পথগুলো ঘুমাচ্ছে বহুদিন পর। বারান্দার কার্নিশে কাক–শালিক এসে বসছে। গাছের পাতা এখন ঘন সবুজ। ইচ্ছে করে দুই হাত দিয়ে বিশ্বরে ছুঁই শিশুর মতো হেসে’। মানুষ ভুলেই গিয়েছিল নিজেদের স্বার্থে তারা প্রকৃতির সঙ্গে কত নিষ্ঠুর আচরণ করেছে!

ভুলেই গিয়েছিল মোবাইল ফোনে ব্যস্ত থাকা সন্তানটির মধ্যেও মানবিক বোধ লুকিয়ে আছে। ওরা জাতির এ দুঃসময়ে দল বেঁধে স্যানিটাইজার বানাচ্ছে। রাতদিন ত্রাণের প্যাকেট রেডি করে বিলাচ্ছে। ঝুঁকি নিয়ে স্বাস্থ্যকর্মী, পুলিশ, সেনাবাহিনী, স্বেচ্ছাসেবী কাজ করে যাচ্ছে। সরকার, প্রতিষ্ঠান, ব্যক্তিরা অভুক্ত মানুষের পাশে দাঁড়িয়েছে।

আমাদের দেশে মাত্র এ কয় দিনের মধ্যেই করোনা রোগী চিকিৎসার জন্য স্বেচ্ছাসেবী চিকিৎসকের সংখ্যা দশ হাজার ছাড়িয়েছে, ভাবা যায়! তৈরি হচ্ছে আধুনিক ল্যাব, হাসপাতাল, জনবল।

সাময়িক গৃহবন্দী জীবনেও যোগ হচ্ছে নানান নতুন মাত্রা! পিৎজা, বার্গারে আসক্ত বাচ্চাটি মায়ের রান্না খেয়ে ‘ইয়াম্মি’ বলছে। সাধারণ রান্নাই হচ্ছে যত্ন করে। সময়মতো নামাজ হচ্ছে। ঘড়ির কাঁটায় চলা জীবন নতুন ছন্দে চলছে।

বারান্দার গ্রিল বেয়ে ওঠা লতাটিকে বিস্ময় নিয়ে দেখছে গৃহকর্তা। বাইরে যাওয়া নেই, সামাজিক ব্যস্ততা নেই। মুভি দেখা, গান শোনা এখন সময় নষ্ট মনে হচ্ছে না। লুডু খেলতে গিয়ে কম কথা বলা বাবা ‘ছক্কা ছক্কা’ চিৎকার করছে! বুয়াহীন ঘরে স্ত্রীকে সাহায্য করতে গিয়ে কর্তা বুঝতে পারছেন এক কাপ চা বানানোর ঝক্কিও কম নয়!

আলমারির শাড়ি গোছাতে গিয়ে মায়ের শাড়ি থেকে ‌‌‌ ‘মা মা’ গন্ধে ঘর যেন ভরে যায়। বহু দিন পর মায়ের মুখ মনে পড়ে। চোখ ভরে পবিত্র জলে। গৃহবন্দী জীবনে পুরোনো ছবির অ্যালবাম মধুর দিন, সন্তানদের শৈশব ফিরিয়ে নিয়ে আসে।

মুরব্বি আত্মীয়–বন্ধুদের সঙ্গে ফোনে অকারণ কথায় বিকেলটা মুখর হয়ে ওঠে। করোনা–যুদ্ধে বাইরের জগৎ বন্ধ হয়ে অন্দর ভরে ওঠে আনন্দযজ্ঞে।

শেষ করছি আমার বাসার সাহায্যকারী কিশোরী খাদিজার ডায়ালগ দিয়ে। এই অনভ্যস্ত গৃহবন্দিত্বে আমার অস্থিরতা দেখে ও বলল, ‘খালা, তাইলে ভাবেন আমি কেমনে দিনের পর দিন ঘরের মধ্যে থাকি!’ কথাটা আমার মর্মে লেগেছে। আসুন, আমরা আরও মানবিক হই। শুদ্ধ জীবন গড়ি।


*লেখক: চিকিৎসক, সেগুনবাগিচা, ঢাকা