তোমায় সুরে বেঁধেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নগরের থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম (টিআইসি) মিলনায়তনে ২ মার্চ সাড়ে ছয়টায় সাংস্কৃতিক সংগঠন রংধনুর উদ্যোগে ‘তোমার সুরে সুর বেঁধেছি’ শিরোনামে সংগীত সন্ধ্যার আয়োজন করা হয়। সংগঠনের সভাপতি সাইফুল্লাহ মোহাম্মদ সালাউদ্দীনের সভাপতিত্বে আসর উদ্বোধন করেন শিল্পী শাহরিয়ার খালেদ। উদ্বোধনী বক্তবে৵ তিনি বলেন, শাস্ত্রীয় সংগীতের চর্চা ও দেশীয় সংস্কৃতির বিকাশ সাধনে সম্মিলিতভাবে কাজ করতে হবে। আকাশ সংস্কৃতির জোয়ারে গা ভাসিয়ে দিলে চলবে না। দেশীয় কৃষ্টি ও সংস্কৃতি তুলে ধরতে হবে।

আসরের শুরুতে শিল্পী সঞ্জয় বণিক গাইলেন রবীন্দ্রনাথ ঠাকুরের পূজাপর্বের গান ‘এ কি লাবণে৵ পূর্ণ প্রাণ, প্রাণেশ হে’। এই গানটি শুনিয়ে দর্শকদের মন ভিজিয়ে দেন তিনি। এরপর তিনি পরিবেশন করেন বেশ কয়েকটি গান। শেষ করেন ‘মাঝে মাঝে তব দেখা পাই, চিরদিন কেন পাই না’ গানটি দিয়ে। এরপর হেমন্ত মুখোপাধ্যায়ের গান ‘যাবার আগে কিছু বলে গেলে না’ পরিবেশন করেন শিল্পী পীযূষ নাগ। পরে গান নিয়ে মঞ্চে আসেন আলম নাসির উদ্দিন। তিনি মুগ্ধতা ছড়িয়ে গাইলেন ভূপেন হাজারিকার গাওয়া গান ‘মোর গায়ের সীমানার পাহাড়ের ওপারে, নিশীথ রাত্রির প্রতিধ্বনি শুনি’। ভূপেনের আরও একটি গান ‘দোলা, হে দোলা’ শোনালেন তিনি। রঞ্জন চৌধুরী পরিবেশন করেন মান্না দে ও কিশোর কুমারের দুটি গান। মান্না দের গাওয়া ‘যদি কাগজে লেখো নাম কাগজ ছিঁড়ে যাবে’ ও কিশোর কুমারের ‘নয়ন সরসী কেন ভরেছে জলে’ শুনিয়ে দর্শক-শ্রোতাদের নস্টালজিক করে তোলেন তিনি। এরপর সুতপা চৌধুরী করলেন রুনা লায়লার ‘অনেক বৃষ্টি ঝরে তুমি এলে’ ও লতা মঙ্গেশকরের ‘ও বাঁশি কেন গায় আমারে কাঁদায়’। সবশেষ শিল্পী শুভ দাশ পরিবেশন করে ‘কোনো একদিন আমায় তুমি খুঁজবে’। তিনি আরও পরিবেশন করেন মান্না দের গাওয়া গজল ‘লাগা চুনারিয়া’। আসরে শিল্পদের সহযোগিতা করেন কি-বোর্ডে নিখিলেশ বড়ুয়া, তবলায় রোমেন বিশ্বাস, বেহালায় শ্যামল চন্দ্র দাশ ও অক্টোপ্যাডে বিপ্লব ।