তোরণ নির্মাণে নিষেধাজ্ঞা জারি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম আদালত ভবনের ফটকে তোরণ নির্মাণের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা জারি করেছেন প্রথম জ্যেষ্ঠ সহকারী জজ মো. সাইফুল ইসলাম মজুমদার।
চট্টগ্রাম আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামালউদ্দিনের করা মামলার ওপর শুনানির পর আদালত গতকাল মঙ্গলবার এ আদেশ দেন।
আদালত সূত্র জানায়, চট্টগ্রাম আদালত ভবনের ফটকের সামনে চট্টগ্রাম জেলা পরিষদ তোরণ নির্মাণ করছে, যেখানে ‘আদালত ভবন’ না লিখে ‘চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয়’ লেখা হচ্ছে। এ কারণে চট্টগ্রাম আইনজীবী সমিতি আপত্তি জানিয়ে গতকাল আদালতে মামলা করে।
গতকালের এই মামলায় বিবাদী করা হয় চট্টগ্রাম জেলা পরিষদের প্রশাসক, বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক ও জেলা পরিষদের প্রধান নির্বাহীকে।
মামলার বাদী ও আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামালউদ্দিন প্রথম আলোকে বলেন, ‘১২৫ বছর আগে চট্টগ্রাম আদালত ভবন নির্মিত হয়। জেলা প্রশাসনের এ উদ্যোগ শতাব্দীপ্রাচীন ঐতিহ্যবাহী এই ভবনের সঙ্গে উপহাস ও বিচার বিভাগের মর্যাদাকে অবজ্ঞা করার শামিল। আদালত আমাদের বক্তব্য শুনে তোরণ নির্মাণের ওপর অন্তর্বর্তীকালীন নিষেধাজ্ঞা এবং বিবাদীদের কারণ দর্শাতে বলেছেন।’
গতকাল শুনানিতে অংশ নিয়ে আইনজীবী সমিতির সভাপতি চন্দন দাশ বলেন, ‘এই তোরণ নির্মাণের কারণে শতাব্দীপ্রাচীন আদালত ভবনকে অবমাননা করা হয়েছে।
পরীর পাহাড়ের ওপর ভবনটি আদালত ভবন হিসেবে সারা দেশে পরিচিত। এখন ফটকের সামনে বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসকের কার্যালয় লিখে আইনজীবী, বিচারক এবং চট্টগ্রামবাসীর চেতনায় কুঠারাঘাত করার চেষ্টা হচ্ছে।
গতকাল শুনানির সময় সমিতির সভাপতি চন্দন দাশকে সহযোগিতা করেন সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ কামালউদ্দিন, সাবেক সভাপতি সালেহউদ্দিন হায়দার সিদ্দিকী, প্রবীণ আইনজীবী আবদুল মতিন, পূর্ণেন্দু বিকাশ চৌধুরী প্রমুখ।