তোরণ, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে ঈদগাহ এলাকা
রাজনৈতিক নেতাদের তোরণ, ফেস্টুন ও ব্যানারে ছেয়ে গেছে কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহসহ নগরের বিভিন্ন সড়ক। ঈদুল আজহার শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগ ও বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ওই প্রচারণা চালান। দশম জাতীয় সংসদ নির্বাচনের আগে এটি শেষ ঈদ। তাই বাড়ি ফেরা ভোটারদের দৃষ্টি আকর্ষণ করতেই ওই প্রচারণা চালানো হচ্ছে বলে দলীয় নেতা-কর্মীরা জানিয়েছেন। গতকাল সোমবার বিকেলে সরেজমিনে দেখা গেছে, কুমিল্লা কেন্দ্রীয় ঈদগাহ মাঠের পূর্বপাশের সড়কে বিশাল ব্যানার লাগিয়েছেন কুমিল্লা-৬ (আদর্শ সদর) আসনের সাংসদ আ ক ম বাহাউদ্দিন, কুমিল্লা সিটি করপোরেশনের মেয়র মো. মনিরুল হক ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী নূর-উর-রহমান মাহমুদের অনুসারীরা। ঈদগাহ সড়কের দুই পাশে ফেস্টুন লাগিয়েছেন বিএনপির কুমিল্লা দক্ষিণ জেলা শাখার সাধারণ সম্পাদক আমিন উর রশিদের অনুসারীরাও। এর মধ্যে সাংসদ বাহাউদ্দিনের অন্যতম অনুসারী কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সাধারণ সম্পাদক (জিএস) আবদুল্লাহ আল মাহমুদ যুবলীগের মহানগর শাখার নাম ব্যবহার করে ঈদগাহ এলাকাসহ নগরের বিভিন্ন এলাকায় তোরণ, ফেস্টুন ও ব্যানার লাগিয়েছেন। এ প্রসঙ্গে আবদুল্লাহ আল মাহমুদ বলেন, ‘পুরো নির্বাচনী এলাকায় সাংসদ মহোদয়ের নামে আটটি তোরণ, ৪০০টি ফেস্টুন ও ব্যানার লাগিয়েছি। এর মধ্যে নগরে আটটি তোরণ ও ১৫০ ফেস্টুন রয়েছে। উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখার জন্য নেতার জন্য ওই কাজ করছি।’ এদিকে ঈদগাহ এলাকায় যুবলীগের জেলা শাখার সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি আরফানুল হকও সাংসদের নামে ব্যানার লাগিয়েছেন। তিনি সাংসদকে কুমিল্লা সিটি করপোরেশনের রূপকার আখ্যায়িত করে ঈদগাহ সড়কে ফেস্টুন লাগিয়েছেন। কুমিল্লা জেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ও কুমিল্লা ক্লাবের সাধারণ সম্পাদক পদ ব্যবহার করে ওই ফেস্টুন ও ব্যানার লাগানো হয়। তা ছাড়া কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজ ছাত্র সংসদের সাবেক সহসভাপতি (ভিপি) ও কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী মেয়র পদপ্রার্থী নূর-উর-রহমানের নামে ঈদগাহ এলাকায় ব্যানার লাগিয়েছেন এ এইচ এম দেলোয়ার নামের এক আওয়ামী লীগ নেতা। জানতে চাইলে সাংসদ আ ক ম বাহাউদ্দিন বলেন, ‘দলের ত্যাগী ও নিষ্ঠাবান নেতা-কর্মীরা আমাকে ভালোবেসে তোরণ, ফেস্টুন ও ব্যানার লাগিয়েছেন। নগরবাসীকে ঈদের শুভেচ্ছা দেওয়ার জন্য তাঁরা ওই কাজ করেছেন।’