চারদলীয় জোটের রোডমার্চ ও মহাসমাবেশ উপলক্ষে তোরণ, বিলবোর্ড, প্রতিকৃতি, ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে খুলনা নগর। মোড়ে মোড়ে টাঙানো হয়েছে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিশাল আকৃতির প্রতিকৃতি। শুধু খুলনা শহরে তৈরি করা হয়েছে তিন শতাধিক তোরণ।দলীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে খুলনা অভিমুখে চার দলের রোডমার্চ শুরু হবে আজ শনিবার। পাবনার ঈশ্বরদী ও কুষ্টিয়ায় সমাবেশ শেষে ওই দিন রাতে নেতারা অবস্থান করবেন যশোরে। পরদিন রোববার যশোর থেকে খুলনা পৌঁছে নগরের সার্কিট হাউস ময়দানে মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।রোডমার্চ ও মহাসমাবেশ উপলক্ষে খুলনা বিএনপির সব স্তরের নেতা-কর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনার সৃষ্টি হয়েছে। কর্মসূচি সফল করতে বিএনপি এবং দলের সব অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা দিন-রাত প্রচার-প্রচারণা ও সাংগঠনিক কাজে ব্যস্ত। এ জন্য ১৬টি উপকমিটি গঠন করা হয়েছে। প্রধান বিভাগীয় সমন্বয়কারী হিসেবে দায়িত্ব পালন করছেন দলের স্থায়ী কমিটির সদস্য তরিকুল ইসলাম ও যুগ্ম সমন্বকারী হিসেবে আছেন নগর বিএনপির সভাপতি ও সাংসদ নজরুল ইসলাম। সদস্যসচিবের দায়িত্ব পালন করছেন বিএনপির খুলনা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মশিউর রহমান। প্রচার-প্রচারণা ও সাজসজ্জার জন্য সব থানা ও ওয়ার্ড কমিটিকে দায়িত্ব দেওয়া হয়েছে।নগরের বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, সড়কের ওপর অসংখ্য তোরণ নির্মাণ করা হয়েছে। সড়কদ্বীপে জিয়াউর রহমান, বেগম খালেদা জিয়া ও তারেক রহমানের অসংখ্য রঙিন প্রতিকৃতি দিয়ে ছেয়ে ফেলা হয়েছে। নগরের কেডিএ এভিনিউয়ে তোরণ নির্মাণ ও প্রতিকৃতি টাঙানোর পাশাপাশি আলোকসজ্জারও ব্যবস্থা করা হয়েছে। এ ছাড়া পিকচার প্যালেস, শিববাড়ী, রয়েল চত্বর, জোড়াগেট, রূপসা ফেরিঘাট, ফুলবাড়ী গেট, দৌলতপুর বাসস্ট্যান্ড ও ময়লাপোঁতা মোড়ে তোরণ, ব্যানার, প্রতিকৃতি ও আলোকসজ্জার ব্যবস্থা করা হয়েছে।এদিকে, নাম প্রকাশে অনিচ্ছুক নগরের কয়েকজন চিকিৎসক প্রথম আলোর কাছে অভিযোগ করেন, বিএনপির রোডমার্চ ও মহাসমাবেশ কর্মসূচি উপলক্ষে তাঁদের কাছে চাঁদা দাবি করেছেন যুবদলের কর্মীরা। চাঁদা দেওয়া না হলে দল ক্ষমতায় গেলে দেখে নেওয়া হবে বলে হুমকি দিয়েছেন তাঁরা।রোডমার্চ বাস্তবায়ন কমিটির যুগ্ম সমন্বয়কারী ও নগর বিএনপির সভাপতি নজরুল ইসলাম প্রথম আলোকে বলেন, সাজসজ্জা ও মহাসমাবেশ সফল করতে দলের নেতা-কর্মীরা নিজেরাই টাকা দিয়েছেন। এ জন্য দলীয়ভাবে কারও কাছ থেকে চাঁদা না তোলার সিদ্ধান্ত হয়েছে। দলের কেউ চাঁদা আদায়ের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।