তোরণে অগ্নিসংযোগ ফাঁকা গুলিবর্ষণ ককটেল বিস্ফোরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লা টাউন হল মাঠে দক্ষিণ জেলা যুবদলের সম্মেলন উপলক্ষে তৈরি করা তোরণে অগ্নিসংযোগ, ১০টি ফাঁকা গুলিবর্ষণ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। গতকাল শনিবার রাত ১০টার দিকে কান্দিরপাড় এলাকায় টাউন হল মাঠে এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে যুবদলের একটি পক্ষ রাতেই বিক্ষোভ মিছিল করে টাউন হল মাঠে গিয়ে ককটেল ফুটিয়ে অপর পক্ষের তোরণ ভাঙচুর করে। আজ রোববার সকাল ১০টায় ওই সম্মেলন হওয়ার কথা রয়েছে।প্রত্যক্ষদর্শী ও ঘটনাস্থলে উপস্থিত বেশ কয়েকজন সাংবাদিক জানান, রাত ১০টার দিকে কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সাবেক সভাপতি ও কুমিল্লা পৌরসভার মেয়র মনিরুল হকের অনুসারী যুবদলের সাংগঠনিক সম্পাদক পদপ্রার্থী তরিক আহমেদ ভূঁইয়া ও জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ইউসুফ মোল্লার নেতৃত্বে একদল নেতা-কর্মী টাউন হল মাঠে যায়। তারা জেলা বিএনপির সাধারণ সম্পাদক আমিন উর রশিদের অনুসারী যুবদলের সভাপতি প্রার্থী আমিরুজ্জামান ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আশিকুর রহমান মাহমুদের তোরণে আগুন ধরিয়ে দেয়। ওই সময়ে তারা ককটেলের বিস্ফোরণ ঘটায় এবং অন্তত ১০টি ফাঁকা গুলি ছোড়ে। একপর্যায়ে তারা বিভিন্ন দোকানপাটে হামলা চালায়। এরপর তারা ভিক্টোরিয়া কলেজ সড়কে বিএনপির কার্যালয়ে চলে আসে। এ সময় আতঙ্কিত পথচারীরা দিগ্বিদিক ছোটে।খবর পেয়ে লাঠিসোঁটা নিয়ে লাকসাম সড়ক এলাকা থেকে বিক্ষোভ মিছিলসহ আমিরুজ্জামান ও আশিকুরের পক্ষের নেতা-কর্মীরা টাউন হল মাঠে আসে। তারা টাউন হলে প্রবেশ করে অন্তত পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটায়। চলে যাওয়ার সময় তারা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি পদপ্রার্থী নজরুল হক ভূঁইয়া ও সাধারণ সম্পাদক পদপ্রার্থী আনোয়ারুল হকের তোরণ ভাঙচুর করে।এ ঘটনার জন্য যুবদলের উভয় পক্ষ একে অন্যকে দায়ী করেছে।কুমিল্লার কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহিউদ্দিন মাহমুদ বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। কিন্তু তার আগেই সবাই চলে যায়। যুবদলের সম্মেলন নিয়ে ওই অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে।