তোরণে অগ্নিসংযোগ, সড়ক অবরোধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নেত্রকোনায় শ্যামগঞ্জ-বিরিশিরি সড়কের পূর্বধলা উপজেলার কাকিয়াকান্দা এলাকায় নির্মিত দুটি তোরণে দুর্বৃত্তরা অগ্নিসংযোগ করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এর প্রতিবাদে গতকাল রোববার দুপুরে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা সড়ক অবরোধ করেন।
পুলিশ ও নেতা-কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহাম্মদ হোসেন গত শুক্রবার নিজ উপজেলা পূর্বধলায় আসেন। এ উপলক্ষে উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা কাকিয়াকান্দা এলাকায় শামছু মার্কেট ও ফাচজলপুর বাজারে দুটি তোরণ নির্মাণ করেন। গত শনিবার রাত সাড়ে ১০টার পর থেকে গতকাল ভোরের মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা তোরণ দুটির নিচে দুই পাশে আগুন দেয়। এতে দুটি ব্যানার পুড়ে যায়। এ ঘটনার প্রতিবাদে দুপুর সাড়ে ১২টা থেকে বেলা পৌনে ১টা পর্যন্ত শামছু মার্কেট এলাকায় সড়ক অবরোধ করা হয়। পরে পুলিশ এসে ঘটনার তদন্তের আশ্বাস দিলে অবরোধ তুলে নেওয়া হয়।