তোরণে তোরণে বরণ সোনার লাঙ্গল উপহার
শতাধিক তোরণ ও সোনার লাঙ্গল দিয়ে বরণ করে নেওয়া হলো নীলফামারীর সৈয়দপুরে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাংসদ শওকত চৌধুরীকে। গত শুক্রবার রাতে শহরের তামান্না মোড়ে সৈয়দপুর উপজেলা জাতীয় পার্টি তাঁকে গণসংবর্ধনা দেয়।
উপজেলা জাতীয় পার্টির সহসভাপতি শহীদ মিয়ার সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতারা উপস্থিত ছিলেন।
দশম সংসদ নির্বাচনে নীলফামারী-৪ (সৈয়দপুর-কিশোরগঞ্জ আংশিক) আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব শওকত চৌধুরী। তিনি শুক্রবার এলাকায় আসেন এবং রাতেই পাঁচ শতাধিক মোটরসাইকেলের শোভাযাত্রাসহ শওকত চৌধুরী সৈয়দপুর শহরে প্রবেশ করেন। ঢাকা-সৈয়দপুর মহাসড়কে সৈয়দপুরে প্রবেশমুখ খিয়ারজুম্মা এলাকা থেকে নির্মাণ করা হয় শতাধিক তোরণ। বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও কেউ কেউ ব্যক্তিগতভাবে ওই তোরণ নির্মাণ করেন। আর সোনার লাঙ্গল উপহার দেন স্বর্ণকার কারিগর সমিতির পক্ষে সভাপতি মো. শিপন।
এ ব্যাপারে নীলফামারী জেলা সচেতন নাগরিক কমিটির (সনাক) সহসভাপতি তহমিন হক বলেন, রাজনীতিতে মূল্যবান উপহার দেওয়ার রীতি দীর্ঘদিন ধরে চলে আসছে। এটা অপরাজনীতি। এ রকম উপহার দেওয়ার নেপথ্যে উদ্দেশ্য থাকে। সাংসদকে মূল্যবান উপহার না দিয়ে এ টাকা দিয়ে দুস্থ ব্যক্তিদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করলে সেটাই সমর্থনযোগ্য হতো।
গণসংবর্ধনায় প্রায় ১০ হাজার মানুষের ঢল নামে। এতে আওয়ামী লীগ নেতারা নতুন সাংসদকে আশ্বস্ত করে বলেন, ‘আমরা উন্নয়নের সঙ্গে আছি, সেই ধারাবাহিকতায় আপনি সৈয়দপুর-কিশোরগঞ্জের মানুষের ভাগ্যোন্নয়নে কাজ করবেন—এটাই চাই।’ এর জবাবে শওকত চৌধুরী বলেন, ‘এ অঞ্চলকে উন্নয়নের মডেল করা হবে। এ জন্য আমরা দলমত-নির্বিশেষে সবাই মিলে কাজ করব।’ তিনি আরও বলেন, ‘বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার সুফল হলো আমি শতভাগ মানুষের প্রতিনিধি। আপনারাই আমাকে সংসদে পাঠিয়েছেন। এ জন্য কৃতজ্ঞতা জানাই।’
গণসংবর্ধনায় বক্তব্য দেন জাতীয় পার্টির সৈয়দপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক ফেরাজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আব্বাস আলী সরকার, সাবেক পৌরমেয়র আখতার হোসেন, মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার একরামুল হক, পরিবহন মালিক সমিতির নেতা মোজাম্মেল হক, রেলওয়ে শ্রমিক লীগের সম্পাদক মোখছেদুল মোমিন প্রমুখ।
সৈয়দপুর পৌর আওয়ামী লীগের সভাপতি জাওয়াদুল হক সরকার বলেন, ‘দল-বিরোধী দল বলে কথা নয়, এলাকার উন্নয়নে আমরা একাত্ম হয়ে কাজ করতে চাই। তাই জাতীয় পার্টির সাংসদকে সংবর্ধনা দিতে এসেছি। আমার দল আওয়ামী লীগ নতুন সাংসদকে সব রকম সহায়তা দিয়ে যাবে।’
এদিকে শওকত চৌধুরীর বাবা মরহুম শাজাহান আলী চৌধুরী প্রতিষ্ঠিত হাজারীহাট স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে গতকাল শনিবার তাঁকে সংবর্ধনা দেওয়া হয়েছে। এতে সভাপতিত্ব করেন কলেজের অধ্যক্ষ লুৎফর রহমান চৌধুরী।