তৌফিক অপহরণের মামলা তুলে নিলেন বাবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

স্টাম্পফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র তৌফিক আহমেদ ওরফে হাসান অপহরণের মামলা প্রত্যাহার করে নিয়েছেন তাঁর বাবা খবির উদ্দিন। গতকাল সোমবার ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে তিনি এ আবেদন করেন। মহানগর হাকিম রোকসানা বেগম আবেদনটি মঞ্জুর করেন। খবির উদ্দিন আদালতকে বলেন, সাত মাস পর তাঁর সন্তান ফিরে এসেছে। তিনি আর মামলা চালাবেন না। খবির উদ্দিন সাংবাদিকদের জানান, গত বছরের ২২ ফেব্রুয়ারি রমনা থানার মামলায় তাঁর ছেলে তৌফিককে গ্রেপ্তার দেখানো হয়। ৪ মে হাইকোর্ট থেকে জামিনের আদেশের কপি ঢাকা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়। ১৪ মে তৌফিক ঢাকার কেন্দ্রীয় কারাগার থেকে বের হওয়ার সময় সাদা পোশাকের লোকজন তাঁকে একটি মাইক্রোবাসে করে তুলে নিয়ে চলে যায়। এর পর থেকে পরিবারের লোকজন তাঁর কোনো সন্ধান পাননি। পরে তিনি র‌্যাব-১০ ও কারা কর্তৃপক্ষের বিরুদ্ধে অপহরণের মামলা করেন।