তৌহিদি জনতার চাপে ইসলামি সম্মেলন স্থগিত
বগুড়ার ধুনট উপজেলার গোপালনগর ইউনিয়নে ওলামা পরিষদের নামে জামায়াত-শিবিরের ডাকা ইসলামি সম্মেলন তৌহিদি জনতার চাপে বন্ধ হয়ে গেছে। গতকাল শনিবার সকালে আয়োজক কমিটির লোকজন সম্মেলন মঞ্চ গুটিয়ে নিয়েছে।আয়োজক কমিটি ও স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার গোপালনগর ইউনিয়ন ওলামা পরিষদের উদ্যোগে কাঠিয়ামারী উচ্চবিদ্যালয় মাঠে শনিবার বিকেল চারটায় ইসলামি সম্মেলনের আয়োজন করা হয়। এ উপলক্ষে ওলামা পরিষদের লোকজন গত শুক্রবার সকাল থেকে বিদ্যালয়মাঠে মঞ্চ তৈরির কাজ করেন। ওই সম্মেলনে বগুড়া জামিল মাদ্রাসার মুহাদ্দেস মাওলানা মোহাম্মদ আবদুল হক আজাদকে প্রধান অতিথি করে পোস্টার, লিফলেট ও ব্যানারের মাধ্যমে প্রচার চালানো হয়। জামায়াত-শিবিরের ছত্রচ্ছায়ায় এ সম্মেলন করা হচ্ছে এ খবর প্রকাশ পাওয়ায় স্থানীয় জনগণের মাঝে উত্তেজনার সৃষ্টি হয়।সংবাদ পেয়ে ধুনট থানা-পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সেখানে জামায়াত-শিবিরের কর্মকাণ্ড না চালানোর নির্দেশ দেয়। এ ছাড়া স্থানীয় তৌহিদি জনতা সম্মেলন না করার জন্য আয়োজক কমিটির লোকজনকে বিভিন্নভাবে চাপ সৃষ্টি করে।গোপালনগর ইউনিয়নের তৌহিদি জনতার নেতা বকুল হোসেন জানান, ওলামা পরিষদের সম্মেলনের অন্তরালে ছিল জামায়াত-শিবির। ঘটনা জানাজানি হলে এলাকার তৌহিদি জনতার মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ কারণে তাদের সম্মেলন বন্ধ করার চাপ দেওয়া হয়। গোপালনগর ইউনিয়ন ওলামা পরিষদের সভাপতি ইদ্রিস আলী জানান, নানা ধরনের চাপ ও স্থানীয় জটিলতার কারণে সম্মেলন স্থগিত করা হয়েছে। ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ জানান, ওলামা পরিষদের সম্মেলন নিয়ে এলাকার দুটি পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এ কারণে তাদের সম্মেলন স্থগিত করতে বলা হয়েছে।