তৌহিদুল হত্যা মামলায় দুই বন্ধু গ্রেপ্তার
ময়মনসিংহ শহরে গুলিবিদ্ধ হয়ে তৌহিদুল ইসলাম (১৭) নিহত হওয়ার ঘটনায় তার দুই বন্ধু গ্রেপ্তার হয়েছেন। একজনকে গত রোববার এবং অপরজনকে গত সোমবার সন্ধ্যায় গ্রেপ্তার করা হয় বলে র্যাব জানিয়েছে।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন কেফায়েতুল্লাহ বিন নাছির (১৮) ও মবিন (১৮)।
র্যাব সূত্রে জানায়, গত রোববার সন্ধ্যায় ময়মনসিংহ শহরের তিনকোনা পুকুরপাড় এলাকার একটি বাড়ি থেকে কেফায়েতুল্লাহকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি গত সোমবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নিশ্চিত করে র্যাব-১৪। গত সোমবার মবিনকে শহরতলির চুরখাই এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা দুজনই তৌহিদুল হত্যা মামলার আসামি। র্যাব তাঁদের গতকাল সকালে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করে।
গত বুধবার সন্ধ্যায় ময়মনসিংহ শহরের আকুয়া চৌরাঙ্গী মোড় এলাকায় কেফায়েতুল্লার বাড়ির একটি ঘরে দরজা বন্ধ করে তৌহিদুলসহ চার বন্ধু আড্ডা দিচ্ছিলেন। তখন গুলিতে তৌহিদুল নিহত হয়। সে স্থানীয় একটি মাদ্রাসা থেকে এ বছর দাখিল পাস করে। এ ঘটনায় তৌহিদুলের বাবা সিরাজুল ইসলাম গত বৃহস্পতিবার কোতোয়ালি থানায় মামলা করেন।