ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় অংশ গ্রহণের আহ্বান

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর ২১তম জন্মদিন উপলক্ষে অনুষ্ঠিত হতে যাচ্ছে জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ২০১৬। এ জন্য রচনা ও চিত্রকর্ম ডাকযোগে পাঠানোর শেষ সময় ২৮ সেপ্টেম্বর।
প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে প্রথম ১০ জনকে সনদপত্র ও ক্রেস্ট দেওয়া হবে। প্রথম স্থান অধিকারীকে ‘ত্বকী পদক’ ২০১৬ এবং দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে বিশেষ ক্রেস্ট ও সনদ দেওয়া হবে। প্রতিযোগিতায় বিজয়ী প্রথম ১০টি রচনা ও চিত্রকর্ম নিয়ে স্মারক প্রকাশনা হবে।
‘সন্ত্রাস নির্মূল ত্বকীমঞ্চের’ সদস্যসচিব কবি হালিম আজাদ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়ে বলেছেন, রচনা প্রতিযোগিতার তিনটি বিভাগ থাকবে। পঞ্চম থেকে সপ্তম শ্রেণি ‘ক’ বিভাগ, অষ্টম থেকে দশম শ্রেণি ‘খ’ বিভাগ, এইচএসসি ও স্নাতক ‘গ’ বিভাগ। রচনায় ‘ক’ বিভাগের বিষয় ‘আমার স্বপ্ন’ (২০০ শব্দের মধ্যে), ‘খ’ বিভাগের ‘সুন্দরবন’ (৫০০ শব্দের মধ্যে) ও ‘গ’ বিভাগের ‘কিশোর কবি ত্বকী হত্যা ও রাষ্ট্রের দায়’ (১০০০ শব্দের মধ্যে।
চিত্রাঙ্কন প্রতিযোগিতাও তিনটি বিভাগে অনুষ্ঠিত হবে। এগুলো হলো শিশু থেকে তৃতীয় শ্রেণি ‘ক’ বিভাগ, চতুর্থ থেকে ষষ্ঠ শ্রেণি ‘খ’ বিভাগ ও সপ্তম থেকে দশম শ্রেণি ‘গ’ বিভাগ। চিত্রাঙ্কনে ‘ক’ বিভাগের বিষয় উন্মুক্ত, ‘খ’ বিভাগের ‘প্রকৃতি’, ‘গ’ বিভাগের ‘আজকের বাংলাদেশ’। চিত্রাঙ্কনের মাধ্যম উন্মুক্ত। কার্টিস পেপারের চার ভাগের এক ভাগ (১০ বাই ১৫ ইঞ্চি) আকারের কাগজে ছবি আঁকতে হবে।
রচনা ও চিত্রকর্ম ডাকযোগে পাঠানোর শেষ সময় ২৮ সেপ্টেম্বর ২০১৬। স্পষ্ট অক্ষরে খামের ওপরে নাম, ঠিকানা, শ্রেণি ও ফোন নম্বর লিখে সঙ্গে এক কপি পাসপোর্ট সাইজের ছবি সংযুক্ত করে পাঠাতে হবে। লেখা ও চিত্রকর্ম পাঠানোর ঠিকানা: জাতীয় ত্বকী চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা ১৬, সন্ত্রাস নির্মূল ত্বকীমঞ্চ, ২৭ এসকে রোড, নারায়ণগঞ্জ। মুঠোফোন নম্বর ০১৮১৩-৫৩৫১৫৫।