ত্বকী জাতীয় চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার শুক্রবার
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর ২০তম জন্মদিন উপলক্ষে জাতীয় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে আগামী শুক্রবার। এদিন প্রতিযোগিতার নির্বাচিত ছবি নিয়ে একটি প্রদর্শনীও হবে।
গতকাল মঙ্গলবার সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়। রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে এই পুরস্কার বিতরণ ও প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শুক্রবার বিকেল চারটায় পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি থাকবেন রবীন্দ্র গবেষক ও ভাষাসৈনিক আহমদ রফিক, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ভাষাসৈনিক কামাল লোহানী, শিল্পী মুস্তাফা মনোয়ার ও লেখক সফিউদ্দিন আহমদ।
চিত্রাঙ্কনে ১ হাজার ২০০ ও রচনায় ৩০০ প্রতিযোগী অংশ নেয়। প্রতিটিতে তিনটি বিভাগে প্রতিযোগিতা হয়েছে। প্রতিটির প্রথম স্থান অধিকারীকে ‘ত্বকী পদক’ দেওয়া হবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীকে দেওয়া হবে ক্রেস্ট ও সনদ। এ ছাড়া প্রতি বিভাগের সেরা ১০ জনকে দেওয়া হবে সনদ, বইসহ বিভিন্ন পুরস্কার। উভয় বিষয়ের প্রতিটি বিভাগের সেরা ১০ জনের ছবি ও লেখা নিয়ে প্রকাশিত হবে ‘সুশোভিত স্মারক’। চিত্রাঙ্কনের নির্বাচিত মোট ৬০টি ছবি প্রদর্শিত হবে।