ত্বকী পদক পাচ্ছে ছয় বিজয়ী

সন্ত্রাসীদের হাতে নিহত নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ত্বকীর ২১তম জন্মদিন উপলক্ষে ‘ত্বকী জাতীয় চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতা–১৬’-এর পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হবে আগামী শুক্রবার। রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। চিত্রাঙ্কন ও রচনা প্রতিযোগিতায় তিনটি বিভাগ থেকে মোট ছয়জনকে ত্বকী পদক দেওয়া হচ্ছে।
চিত্রাঙ্কনে ত্বকী পদকপ্রাপ্ত তিন বিজয়ী হলো ক-বিভাগে রাফিয়া তাহসীন ত্বাহা (নারায়ণগঞ্জ), খ-বিভাগে রাইয়ান আলম রাফিন (নারায়ণগঞ্জ), গ-বিভাগে আফিয়া বিনতে সিরাজ (নারায়ণগঞ্জ)। রচনা প্রতিযোগিতায় পদক পাচ্ছে ক-বিভাগে তাসনিম আলম রামিসা (মেহেরপুর), খ-বিভাগে আশফিকা রহমান (ময়মনসিংহ), গ-বিভাগে রক্তিম কুমার মিলন (লালমনিরহাট)।
চিত্রাঙ্কন ও রচনা উভয় বিষয়ে তিনটি বিভাগে প্রতিযোগিতা হয়। প্রতিটির প্রথম স্থান অধিকারীদের ‘ত্বকী পদক’ দেওয়া হবে। দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীদের দেওয়া হবে বিশেষ ক্রেস্ট ও সনদ। সেরা ১০ জন প্রতিযোগী পাবে ক্রেস্ট ও সনদ। চিত্রাঙ্কন ও রচনার প্রতিটি বিভাগের সেরা ১০ জনের ছবি ও লেখা নিয়ে প্রকাশিত হবে ‘সুশোভিত স্মারক’।
চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিচারক ছিলেন রফিকুন নবী, জাহিদ মুস্তফা ও অশোক কর্মকার। আর রচনায় ছিলেন হায়াৎ মামুদ, সফিউদ্দিন আহমদ ও ফিরোজ আহমেদ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ও সিরাজুল ইসলাম চৌধুরী, শিল্পী ও ভাষাসৈনিক মুস্তাফা মনোয়ার এবং লেখক গবেষক সফিউদ্দিন আহমদের পুরস্কার বিতরণী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা।