ত্বকী মঞ্চ ও শামীম ওসমান পক্ষের পাল্টাপাল্টি সমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ শহরের প্রধান সড়কে গতকাল শুক্রবার বিকেলে মাত্র ৫০ গজের ব্যবধানে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ ও শামীম ওসমান পক্ষের পৃথক সমাবেশ শান্তিপূর্ণভাবে শেষ হয়।
ত্বকী মঞ্চের সমাবেশে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘শামীম ওসমান আজ সারা দেশে ত্বকীর খুনি হিসেবে চিহ্নিত। শামীম ওসমান নিজেই সন্ত্রাসী ক্যাঙারু পারভেজকে গুম করে মিথ্যা মামলা দিয়ে তাঁর দায় এখন আমার ভাই, ভাগনেসহ ত্বকী হত্যাকাণ্ডের প্রতিবাদকারীদের ওপর চাপাতে চাইছে।’
অন্যদিকে শামীম ওসমান বলেন, ‘শহীদ মিনারে দাঁড়িয়ে মাইক থেকে আমাদের হুমকি-ধমকি দেওয়া হয়। আমরা অনেক ধৈর্য ধরেছি। আমরা যদি হেঁটে যাই তাহলে অনেককেই খুঁজে পাওয়া যাবে না। ঘটনার ১৮ দিন পর আইভীর নির্দেশে ত্বকী হত্যা মামলায় আমাকে ও আমার ছেলেকে উদ্দেশ্যমূলকভাবে জড়ানো হয়েছে। কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আমাদের আস্থা আছে। আমরা বিশ্বাস করি, তারা প্রকৃত সত্য উদ্ঘাটন করবে।’
মেধাবী শিক্ষার্থী তানভীর মুহামঞ্চদ ত্বকীর সব খুনিকে দ্রুত গ্রেপ্তার ও পারভেজ গুমের মামলা প্রত্যাহারের দাবিতে ২ এপ্রিল সমাবেশ কর্মসূচি ঘোষণা করে ত্বকী মঞ্চ। অপরদিকে শামীম ওসমানের অনুগত হিসেবে পরিচিত মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা সাংবাদিকদের জানান, মুজিবনগর দিবস উপলক্ষে তাঁরা জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে সমাবেশ করবেন।
ত্বকী মঞ্চ গতকাল বিকেলে নগরের বঙ্গবন্ধু সড়কের ডিআইটি বাণিজ্যিক এলাকায় মঞ্চ তৈরি করে। আর শামীম ওসমানের অনুসারীরা একই সড়কের ২ নম্বর রেলগেটসংলগ্ন মিডটাউন শপিং কমপ্লেক্সের সামনে মঞ্চ করে। দুই সমাবেশের মধ্যবর্তী স্থানে বিপুলসংখ্যক পুলিশ অবস্থান নেয়।
ত্বকী মঞ্চের সমাবেশে প্রবীণ রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য বলেন, পরিস্থিতি দেখে মনে হচ্ছে ত্বকী হত্যাকাণ্ডের বিচারের ওপর অঘোষিত ইনডেমনিটি (শাস্তি এড়ানোর ব্যবস্থা) জারি করা হয়েছে। অনুষ্ঠানের সভাপতি রফিউর রাব্বি বলেন, ত্বকী মঞ্চের কোনো কর্মসূচি থাকলেই শামীম ওসমান সেদিন পাল্টা কর্মসূচি দেন। ত্বকী মঞ্চের আন্দোলনকে শামীম ওসমান ভয় পান।
সমাবেশে আরও বক্তব্য দেন ত্বকী মঞ্চের সদস্যসচিব নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি হালিম আজাদ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, সাধারণ সম্পাদক আবদুর রহমান, যুবলীগের সভাপতি আবদুল কাদির, কৃষক লীগের সাধারণ সম্পাদক রোকন উদ্দিন আহমেদ, ন্যাপের সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের সমন্বয়ক নিখিল দাস, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি মাহাবুবুর রহমান, সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ প্রমুখ।
অন্য সমাবেশে সভাপতিত্ব করেন মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা। বক্তব্য দেন আওয়ামী লীগ নেতা আনিসুর রহমান, যুবলীগের সাধারণ সম্পাদক আবু হাসনাত মো. শহীদ ও যুগ্ম সম্পাদক শাহ্ নিজাম প্রমুখ।