ত্বকী মঞ্চ ও শামীম ওসমানের পাল্টাপাল্টি কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ ও শামীম ওসমানের সমর্থকেরা আজ শুক্রবার বেলা তিনটায় নারায়ণগঞ্জে পাল্টাপাল্টি কর্মসূচি দিয়েছেন। এ নিয়ে শহরে উত্তেজনা বিরাজ করছে।

জানা গেছে, গত ২ এপ্রিল গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে আজ বিকেল তিনটায় নগরের ডিআইটি চত্বরের আলী আহমেদ চুনকা পৌর পাঠাগারের সামনে সমাবেশ করার ঘোষণা দেয় ত্বকী মঞ্চ। মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর সব খুনি ও হত্যার নির্দেশদাতাকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবিতে এবং পারভেজ গুমের ঘটনায় করা মামলার প্রতিবাদে এই সমাবেশের ঘোষণা দেয় সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। সমাবেশে প্রধান অতিথি হিসেবে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াত্ আইভীর উপস্থিত থাকার কথা।

গতকাল বৃহস্পতিবার রাতে শামীম ওসমানের অনুগত মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খোকন সাহা সাংবাদিকদের বলেন,  ডিআইটি চত্বরের প্রায় ৫০ গজ দূরে দুই নম্বর রেলগেট সংলগ্ন মিডটাউন  শপিং কমপ্লেক্সের সামনে আজ বেলা তিনটায় সমাবেশ করবেন তাঁরা।

খোকন সাহা বলেন,  ১৭ এপ্রিল মুজিবনগর দিবস উপলক্ষে তাঁরা জেলা ও মহানগর আওয়ামী লীগের ব্যানারে সমাবেশ করবেন। এতে প্রধান অতিথি থাকবেন শামীম ওসমান।

নিহত ত্বকীর বাবা এবং নারায়ণগঞ্জের নাগরিক ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা রফিউর রাব্বি বলেন, ‘আমরা গত ২ এপ্রিল আমাদের কর্মসূচি ঘোষণা করেছি। তিন দিন ধরে সমাবেশের ব্যাপারে শহরে মাইকিংও হচ্ছে। কিন্তু এই সমাবেশে বিশৃঙ্খলা সৃষ্টির জন্য ও ত্বকী হত্যার দায় থেকে বাঁচতেই শামীম ওসমান এই পাল্টা কর্মসূচি দিয়েছেন। ১৭ এপ্রিল মুজিবনগর দিবস ছিল গতকাল। কিন্তু গতকাল তিনি চুপ থেকে আজ হঠাত্ করেই এই কর্মসূচির কথা বলছেন।’

নারায়ণগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুর কাদের বলেন, দুই পক্ষই খুব কাছাকাছি অবস্থানে সমাবেশ ডাকায় কিছুটা উত্তেজনা বিরাজ করছে। তবে যেকোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে পুলিশ প্রস্তুত।