ত্বকী মঞ্চে হামলার প্রতিবাদে ৫৯টি সংগঠনের প্রতিবাদ
মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার বিচারের দাবিতে আয়োজিত কর্মসূচিতে সন্ত্রাসী হামলার প্রতিবাদ জানিয়েছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটিসহ ৫৯টি সংগঠন।
গতকাল বৃহস্পতিবার ৫৯টি সংগঠনের পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, ত্বকী হত্যার অভিযোগে অভিযুক্ত আজমেরী ওসমান প্রকাশ্যে ঘুরে বেড়ালেও প্রশাসন এখনো তাঁকে গ্রেপ্তার করে বিচারের আওতায় আনেনি। এ কারণেই দুর্বৃত্তরা এমন হামলার মতো নানা অপরাধ কর্মকাণ্ড ঘটানোর সাহস পাচ্ছে। নারায়ণগঞ্জের কেন্দ্রীয় শহীদ মিনারের পুরো এলাকা সিসিটিভি ক্যামেরার আওতাভুক্ত। ফলে সহজেই ওই হামলাকারীদের শনাক্ত করতে অসুবিধা হবে না। দুর্বৃত্তদের শনাক্ত করে অতি দ্রুত আজমেরী ওসমানসহ সব হামলাকারীকে গ্রেপ্তারের দাবি জানায় সংগঠনগুলো।
বিবৃতি দানকারী সংগঠনগুলোর মধ্যে রয়েছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট, তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখা, সিপিবি, ন্যাপ, বাসদ (মার্ক্সবাদী), বাসদ, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন, উদীচী শিল্পীগোষ্ঠী, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ-সংহতি আন্দোলন, ছাত্র ইউনিয়ন, ছাত্র ফেডারেশনসহ ৫৯টি রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন।
গত বুধবার বিকেলে ত্বকী হত্যার চার বছর পূর্তি উপলক্ষে হত্যার বিচারের দাবিতে নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ অবস্থান কর্মসূচি পালন করে। একই দাবিতে শহীদ মিনারে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের মোম শিখা প্রজ্বালন কর্মসূচি পালিত হয়। অনুষ্ঠান শেষ হওয়ার পরপরই শহীদ মিনারে মুখে কালো কাপড় বেঁধে সন্ত্রাসীরা অতর্কিত হামলা চালায়। সন্ত্রাসীরা শহীদ মিনারে রাখা ত্বকী মঞ্চের ব্যানার চাকু দিয়ে কেটে মাইকের স্ট্যান্ড ছুড়ে ফেলে দেয়। কয়েকজনকে মারধরও করা হয়।