ত্বকী মঞ্চের অনশনের জায়গায় শামীম ওসমান সমর্থকদের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহামঞ্চদ ত্বকী হত্যার ১১ মাস পূর্তি উপলক্ষে আজ শুক্রবার শহরের চাষাঢ়ায় প্রধান শহীদ মিনারে প্রতীক অনশন কর্মসূচি ঘোষণা করা হয়েছিল। কিন্তু ওই কর্মসূচি পণ্ড করতে সেখানে পাল্টা কর্মসূচি ঘোষণা করেছেন আওয়ামী লীগের সাংসদ শামীম ওসমানের সমর্থক ছাত্রলীগের নেতা-কর্মীরা।
দুই পক্ষই শহীদ মিনারে কর্মসূচি পালন করবে বলে ঘোষণা দেওয়ায় অপ্রীতিকর ঘটনার আশঙ্কা দেখা দিয়েছে। এই নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা বিরাজ করছে।
নারায়ণগঞ্জে নাগরিক ও সাংস্কৃতিক আন্দোলনের অন্যতম নেতা রফিউর রাব্বির ছেলে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী গত বছরের ৬ মার্চ নিখোঁজ হয়। ৮ মার্চ শহরের চারারগোপ এলাকার শীতলক্ষ্যা নদীসংলগ্ন কুমুদিনী খালে তার লাশ উদ্ধার করা হয়। ত্বকীর খুনিদের গ্রেপ্তার ও ফাঁসির দাবিতে গড়ে ওঠে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। হত্যাকাণ্ডের পর থেকে রফিউর রাব্বি ও ত্বকী মঞ্চের নেতারা খুনের জন্য শামীম ওসমান, তাঁর ছেলে অয়ন ওসমান, ভাতিজা আজমেরী ওসমানসহ ওসমান পরিবারের সদস্য ও তাঁদের সহযোগীদের দায়ী করে আসছেন।
হত্যাকাণ্ডের ১১ মাস পূর্তি উপলক্ষে এবং খুনিদের গ্রেপ্তারের দাবিতে ত্বকী মঞ্চ প্রতি মাসের ৬ থেকে ৮ তারিখের মধ্যে শহীদ মিনারে নানা কর্মসূচি পালন করে আসছে। গত ১০ জানুয়ারি তারা ঘোষণা দেয়, হত্যাকাণ্ডের ১১ মাস পূর্তি উপলক্ষে ৭ ফেব্রুয়ারি (আজ শুক্রবার) সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত প্রতীকী অনশন কর্মসূচি পালন করবে।
কিন্তু মহান ভাষা দিবস উপলক্ষে সেখানে একই সময়ে সমাবেশ ডেকেছেন শামীম ওসমানের অনুগত জেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা। শামীম ওসমানের যুবলীগের নেতাদের কারণে এর আগে বুধবারও শহীদ মিনারে পূর্বঘোষিত কর্মসূচি পালন করতে পারেনি নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ‘আমরা দীর্ঘদিন আগে আমাদের কর্মসূচি ঘোষণা করেছি। শহীদ মিনার ব্যবহারের জন্য নারায়ণগঞ্জ সিটি করপোরেশন থেকে অনুমতিও নিয়েছি। বিভিন্ন প্রশাসনকে প্রায় সাত দিন আগে বিষয়টি জানানো হয়েছে। কিন্তু আমাদের কর্মসূচি পণ্ড করতে শামীম ওসমানের লোকজন পাল্টা সমাবেশ ডেকেছে। আমরা আমাদের পূর্বঘোষিত কর্মসূচি পালন করবই।’
শামীম ওসমানের অনুগত জেলা ছাত্রলীগের সভাপতি শাফায়াত আলম বলেন, ‘আমরা আগে জানতাম না যে এখানে ত্বকী মঞ্চের কর্মসূচি আছে। যেহেতু কর্মসূচি ঘোষণা করেই ফেলেছি, সেহেতু আমাদের কর্মসূচি পালন করতেই হবে।’
সিটি করপোরেশন থেকে কোনো অনুমতি নেওয়া হয়েছে কি না জানতে চাইলে শাফায়াত কোনো কথা বলেননি।
দুই পক্ষের কর্মসূচির ব্যাপারে সদর মডেল থানার পরিদর্শক (তদন্ত) মো. শাহজালাল মিয়া জানান, একই স্থানে দুই পক্ষের কর্মসূচির বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। তাদের নির্দেশনা অনুযায়ী এ ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে।