ত্বকী মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলা, রাব্বিসহ আহত ১০
নারায়ণগঞ্জের নাগরিক আন্দোলনের নেতা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি ও মঞ্চের নেতা-কর্মীদের ওপর হামলা হয়েছে৷ এ সময় রাব্বিসহ মঞ্চের অন্তত ১০ জন নেতা-কর্মী আহত হন৷ গতকাল শুক্রবার সন্ধ্যার আগে নগরীর কালীরবাজার চারারগোপ এলাকায় ত্বকী মঞ্চের প্রচারপত্র বিতরণকালে পুলিশের উপস্থিতিতে এ হামলা হয়৷
নারায়ণগঞ্জ-৫ আসনের প্রার্থী সেলিম ওসমানের সমর্থক জাতীয় পার্টির নেতা-কর্মীরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেছেন রাব্বি ও হামলার শিকার ব্যক্তিরা৷ তবে পুলিশ ও জাতীয় পার্টির নেতারা এ অভিযোগ অস্বীকার করেছেন৷
সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু প্রথম আলোকে বলেন, গতকাল বিকেলে তাঁরা শহরের বিভিন্ন এলাকায় ত্বকী মঞ্চের প্রচারপত্র বিতরণ করছিলেন। প্রচারপত্রে লেখা ছিল, ‘তানভীর মুহাম্মদ ত্বকীর সকল হত্যাকারীর ফাঁসি চাই। ভোট আপনার পবিত্র আমানত। আপনার সন্তান ও শিশুদের কথা ভেবে অন্তত খুনি ও সন্ত্রাসী পরিবারের কাউকে ভোট দেবেন না—সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ৷’
প্রদীপ ঘোষ আরও বলেন, একপর্যায়ে সদর মডেল থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান একটি প্রচারপত্র চেয়ে নেন। চারারগোপ এলাকায় গেলে সেখানে তাঁদের পথরোধ করেন এসআই মিজান৷ এ সময় জাতীয় পার্টির কিছু নেতা-কর্মীও সেখানে উপস্থিত ছিলেন৷ এসআই মিজান মঞ্চের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ‘আপনারা প্রচারপত্র বিতরণের মধ্য দিয়ে নির্বাচনী আচরণবিধির লঙ্ঘন করছেন৷’ এ সময় জাতীয় পার্টির নেতা-কর্মীরা ত্বকী মঞ্চের নেতা-কর্মীদের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়িয়ে পড়েন৷ একপর্যায়ে রাব্বি ও তাঁর সঙ্গীদের ওপর হামলা চালান৷ মঞ্চের আহত নেতা-কর্মীরা স্থানীয়ভাবে চিকিৎসা নিয়েছেন।
রফিউর রাব্বি বলেন, ‘নির্বাচন আচরণবিধি লঙ্ঘন হচ্ছে কি না, তা দেখার জন্য নির্বাচন কমিশন যুগ্ম জেলা জজের নেতৃত্বে ভ্রাম্যমাণ কমিটি গঠন করেছে। এসআই মিজান যখন আমাদের প্রচারপত্র বিতরণে বাধা দেন, তখন সেখানে নির্বাচন কমিশনের কেউ ছিলেন না। এতেই প্রমাণিত হয় মিজান কারও দ্বারা প্রভাবিত হয়ে অতি উৎসাহী আচরণ করেছেন।’
জেলা নির্বাচন কর্মকর্তা তারিফুজ্জামান বলেন, কেউ নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছেন কি না, তা ওই কমিটি দেখবে৷ এসআই মিজানকে নির্বাচন কমিশন কোনো দায়িত্ব দেওয়া হয়নি৷
খবর পেয়ে সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী রফিউর রাব্বির বাসায় যান তাঁকে দেখতে। সেখানে তিনি সাংবাদিকদের বলেন, একজন বিশিষ্ট নাগরিকের ওপর এ ধরনের হামলা জঘন্য ঘটনা। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর উচিত হামলাকারী যত প্রভাবশালী হোক না কেন তাঁদের আইনের আওতায় আনা।
হামলায় দলীয় নেতা-কর্মীদের জড়িত থাকার অভিযোগ অস্বীকার করে মহানগর জাতীয় পার্টির সদস্যসচিব আকরাম আলী বলেন, পুলিশ এসে ত্বকী মঞ্চের নেতা-কর্মীদের কাছে ঘটনা জানতে চাইলে কয়েকজন দৌড়ে পালানোর চেষ্টা করেন৷ এ সময় সাধারণ মানুষ তাঁদের ধাওয়া করে।
এসআই মিজান বলেন, প্রচারপত্র বিতরণ নিয়ে দুই পক্ষের মধ্যে বাগ্বিতণ্ডা হয়েছে। কিন্তু কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি।