নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ২২ মাস হয়ে গেলেও এই মামলার অভিযোগপত্র না দেওয়ায় ক্ষোভ প্রকাশ করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। অভিযুক্ত সব অপরাধীকে দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়ে ত্বকী মঞ্চ বলেছে, মামলায় অভিযুক্ত সবাইকে অভিযোগপত্রভুক্ত করতে হবে। কেউ যেন আইনের ফাঁকে বেরিয়ে যেতে না পারে, তা-ও নিশ্চিত করতে হবে।
জাতীয় প্রেসক্লাবে গতকাল সোমবার আয়োজিত সংবাদ সম্মেলনে ত্বকী মঞ্চ এসব কথা বলে। বিচারের বাধা কোথায়—সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এই প্রশ্নের জবাবে ত্বকীর বাবা ও ত্বকী মঞ্চের সভাপতি রফিউর রাব্বি বলেন, ‘আমাদের যে সংস্থাগুলো বিভিন্ন অপরাধের, হত্যা-খুনের তদন্ত করে, তারা সরকারি সংস্থা। কিন্তু এ বিষয়টি তো আমরা সবাই জানি, যখন নাকি রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি একটি কথা বলেন, সেই বিষয়টিকে তারা গুরুত্ব দেয়। যখন নাকি অপরাধী নিশ্চিত হওয়ার পরে রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি সংসদে দাঁড়িয়ে সেই অপরাধীর পরিবারের দায়িত্ব গ্রহণ করেন, তখন তদন্ত সংস্থাগুলোয় যাঁরা থাকেন, তাঁদের কী নিরপেক্ষভাবে বা স্বাধীনভাবে তদন্ত করার জায়গা থাকে? ত্বকীর বিষয়ে তা-ই হয়েছে।’
সংবাদ সম্মেলনে শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, স্বাভাবিক মৃত্যু প্রতিনিয়ত ঘটে। কিন্তু এখন দেশে অস্বাভাবিক মৃত্যু স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। তিনি বলেন, ‘ত্বকী হত্যার বিচারের দাবি দেশের সব মানুষের। এই কিশোরের জন্য দুঃখ হয়, কান্না পায়। বিচার না হওয়ায় নিজেদেরই অপরাধী মনে হয়।’
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পড়েন ত্বকী মঞ্চের সদস্যসচিব সাংবাদিক হালিম আজাদ। লিখিত বক্তব্যে ত্বকী হত্যায় নারায়ণগঞ্জের আলোচিত-সমালোচিত ওসমান পরিবারের সদস্যদের জড়িত থাকার কথা আবারও তুলে ধরা হয়। এ বিষয়ে র্যা বের বরাত দিয়ে বিভিন্ন সংবাদপত্র ও টেলিভিশন চ্যানেলে প্রকাশিত তথ্য তুলে ধরে বলা হয়, অভিযুক্ত সব অপরাধীকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে হবে।
ত্বকী হত্যার বিচারের দাবিতে আন্দোলনকারীদের বিভিন্নভাবে হুমকি দেওয়ার অভিযোগ তুলে সংবাদ সম্মেলনে বলা হয়, ত্বকী হত্যা, সাত খুনসহ সন্ত্রাস ও নৈরাজ্যের বিরুদ্ধে আন্দোলন থেকে তাঁরা কোনো কারণেই পিছপা হবেন না।
লিখিত বক্তব্যে বলা হয়, ত্বকী মঞ্চের পক্ষ থেকে ত্বকী হত্যার বিচার চাইতে গেলে শুরু থেকেই শামীম ওসমান ও তাঁর বাহিনী দিয়ে ত্বকী মঞ্চের ব্যক্তিদের হুমকি-ধমকি দিয়ে তাঁদের ব্যক্তিগত চরিত্র হননের প্রক্রিয়ায় লিপ্ত রয়েছেন। এই হত্যাকাণ্ডের তদন্ত বিভিন্নভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে।
সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন সাংবাদিক কামাল লোহানী, অধ্যাপক আনু মুহাম্মদ ও অধ্যাপক শফিউদ্দিন আহমেদ।