ত্বকী হত্যা মামলার তদন্তই শেষ হয়নি

>
- ত্বকী হত্যাকাণ্ডের পাঁচ বছর পূর্তি হচ্ছে আজ ৬ মার্চ।
- চার দিনব্যাপী কর্মসূচি পালন করছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
- ২০১৩ সালের ৬ মার্চ ত্বকী নারায়ণগঞ্জ শহরের বাসার সামনে থেকে নিখোঁজ হয়।
- ৮ মার্চ সকালে শীতলক্ষ্যা নদীর শাখা চারারগোপ এলাকার খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার।
বছরের পর বছর পেরিয়ে গেলেও নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হয়নি। মামলাটির তদন্তও শেষ হয়নি।
নিহত ত্বকীর স্বজন ও নারায়ণগঞ্জের বিশিষ্ট নাগরিকদের অভিযোগ, জেলার একটি প্রভাবশালী পরিবারের কারণে এই মামলার অভিযোগপত্র দেওয়া হচ্ছে না।
ত্বকী হত্যাকাণ্ডের পাঁচ বছর পূর্তি হচ্ছে আজ ৬ মার্চ। এ উপলক্ষে চার দিনব্যাপী কর্মসূচি পালন করছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। কর্মসূচির মধ্যে আজ
মঙ্গলবার সকাল সাড়ে আটটায় ত্বকীর কবর জিয়ারত ও ফাতিহা পাঠ, কাল বুধবার বেলা তিনটায় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে শিশু সমাবেশ ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল দশটায় রাজধানীতে জাতীয় প্রেসক্লাবে গোলটেবিল বৈঠক এবং পরদিন শুক্রবার বেলা সাড়ে তিনটায় নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট চত্বরে সমাবেশের আয়োজন করা হয়েছে।
২০১৩ সালের ৬ মার্চ ত্বকী নারায়ণগঞ্জ শহরের বাসার সামনে থেকে নিখোঁজ হয়। ওই দিন ত্বকীর বাবা রফিউর রাব্বি এ ব্যাপারে নারায়ণগঞ্জ সদর মডেল থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন। ৮ মার্চ সকালে ত্বকীদের বাসার অদূরে শীতলক্ষ্যা নদীর শাখা চারারগোপ এলাকার খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করা হয়।
এ হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত অভিযোগে র্যাব ইউসুফ হোসেন ওরফে লিটন, সুলতান শওকত ও তায়েবউদ্দিন ওরফে জ্যাকিকে গ্রেপ্তার করে। তাঁদের মধ্যে সুলতান শওকত আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। প্রথমে মামলাটি পুলিশ তদন্ত করে। পুলিশের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন ত্বকীর বাবা। পরে হাইকোর্টের নির্দেশে র্যাব মামলার তদন্ত শুরু করে।
এ হত্যাকাণ্ডের প্রথম বার্ষিকীতে ২০১৪ সালের মার্চে র্যাব সদর দপ্তরের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা গণমাধ্যমকর্মীদের বলেছিলেন, ত্বকী হত্যাকাণ্ডে আজমেরী ওসমানসহ ১১ জনের বিরুদ্ধে তথ্যপ্রমাণ পাওয়া গেছে। যেকোনো দিন এই মামলার অভিযোগপত্র দেওয়া হবে। কিন্তু ২০১৮ সালের মার্চেও অভিযোগপত্র আদালতে জমা পড়েনি।
আজমেরী ওসমান নারায়ণগঞ্জের প্রয়াত সাংসদ নাসিম ওসমানের ছেলে ও আওয়ামী লীগ নেতা সাংসদ শামীম ওসমানের ভাতিজা।
মামলার তদন্তের বিষয়ে জানতে চাইলে র্যাব-১১-এর অধিনায়ক লে. কর্নেল কামরুল হাসান প্রথম আলোকে বলেন, ‘তদন্ত চলমান। যেহেতু গুরুত্বপূর্ণ ও স্পর্শকাতর একটি মামলা, তাই আমরা সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত করছি।’
নিহত ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, গত চার বছরেও র্যাব অভিযোগপত্র দেয়নি। যেহেতু ওসমান পরিবারের সদস্য অভিযুক্ত, তাই অভিযোগপত্র দেওয়া হচ্ছে না। হত্যাকাণ্ডের এক বছরের মাথায় তদন্তকারী সংস্থা র্যাব রহস্য উদ্ঘাটন করেছে। তারা সাংবাদিকদের মাধ্যমে দেশবাসীকে অবগত করেছে। সুতরাং তদন্তকারী সংস্থার কার্যক্রমের ক্ষেত্রে কোনো প্রশ্ন নেই। প্রশ্ন হচ্ছে, সরকার তাদের এ কাজটি স্বাধীনভাবে করতে দিচ্ছে না।
মামলার বর্তমান অবস্থা সম্পর্কে বাদীপক্ষের আইনজীবী প্রদীপ ঘোষ বলেন, ‘২০১৩ সালে ত্বকী হত্যার পর থেকে এ পর্যন্ত মামলার তদন্তকারী
সংস্থা যাতে দ্রুত অভিযোগপত্র দেয়, আমরা তা বিভিন্নভাবে চেষ্টা করেছি। কিন্তু এখন পর্যন্ত তারা অভিযোগপত্র আদালতে দেয়নি।’ তিনি বলেন, এই মামলায় চার আসামিকে গ্রেপ্তার করা হয়েছিল।
তাঁরা হলেন সালেহ রহমান সীমান্ত, ইউসুফ হোসেন, সুলতান শওকত ভ্রমর ও তায়েব উদ্দিন জ্যাকি। বর্তমানে এই চারজনের সবাই জামিনে রয়েছেন। সুলতান শওকত ভ্রমর জামিনে বের হয়ে ওই দিনই বিদেশে পালিয়ে গেছেন। তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, সরকার চায় না বলে ত্বকী হত্যার বিচার আটকে আছে। র্যাব হত্যার রহস্য উদ্ঘাটন করে অভিযোগপত্র তৈরি করলেও তা আদালতে দাখিল করছে না। তিনি বলেন, ‘যত দিন না ত্বকী হত্যার বিচার হবে, তত দিন জনগণকে সঙ্গে নিয়ে আন্দোলন চালিয়ে যাব।’
বাংলাদেশ মানবাধিকার কমিশন নারায়ণগঞ্জ জেলা কমিটির সভাপতি মাহবুবুর রহমান বলেন, ‘হত্যার রহস্য উদ্ঘাটন হলেও প্রভাবশালী ওসমান পরিবারের কারণে অভিযোগপত্র দেওয়া হচ্ছে না। এতে সরকারের ভাবমূর্তি ক্ষুণ্ন হচ্ছে। আমরা চাই দ্রুত ত্বকী হত্যার বিচার করা হোক। খুনিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক।’