ত্বকী হত্যা মামলায় সীমান্তের জামিন আদেশ স্থগিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেধাবী শিক্ষার্থী তানভীর মুহাম্মদ ওরফে ত্বকী হত্যার ঘটনায় সন্দেহভাজন হিসেবে গ্রেপ্তার সালেহ রহমান ওরফে সীমান্তের জামিন স্থগিত করা হয়েছে।

রাষ্ট্রপক্ষের করা এক আবেদনের শুনানি নিয়ে আজ মঙ্গলবার চেম্বার বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী এ আদেশ দেন।

আদালত সূত্র জানায়, হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ গত ২৪ জুন সালেহ রহমানের অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করেছিলেন। এতে স্থগিতাদেশ চেয়ে আজ রাষ্ট্রপক্ষ আবেদনটি করে।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানি করেন অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মুরাদ রেজা। সঙ্গে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল শেখ সাইফুজ্জামান।

পরে শেখ সাইফুজ্জামান প্রথম আলোকে বলেন, সালেহ রহমান ওরফে সীমান্তের জামিন মঞ্জুর করে গত ২৪ জুন হাইকোর্টের দেওয়া আদেশ দুই সপ্তাহের জন্য স্থগিত করেছেন চেম্বার বিচারপতি। তিনি এখন কারাগারে আছেন। হাইকোর্টের আদেশ স্থগিত হওয়ায় তিনি মুক্তি পাচ্ছেন না।

নারায়ণগঞ্জের নাগরিক ও সাংস্কৃতিক আন্দোলনের নেতা রফিউর রাব্বির বড় ছেলে তানভীর মুহাম্মদ ত্বকী ২০১৩ সালের ৬ মার্চ নিখোঁজ হন। দুই দিন পর ওই বছরের ৮ মার্চ সকালে নারায়ণগঞ্জের চারারগোপে শীতলক্ষ্যার নৌযান নোঙর করার খালের (হারবার) কাদাপানিতে তাঁর লাশ পাওয়া যায়। ওই দিনই ত্বকীর বাবা মামলা করেন। এতে কারও নাম উল্লেখ করা হয়নি। পরে তিনি স্থানীয় আওয়ামী লীগের নেতা শামীম ওসমানসহ সাতজনের নাম উল্লেখ করে ২০১৩ সালের ১৮ মার্চ পুলিশের কাছে অবগতিপত্র জমা দেন। এতে সালেহ রহমান ওরফে সীমান্তের নাম ছিল। ওই বছরের ১৮ এপ্রিল সালেহ রহমানকে গ্রেপ্তার করা হয়।