ত্বকী হত্যাকাণ্ডের তিন বছরে তিন দিনের কর্মসূচি
নারায়ণগঞ্জের কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের তিন বছর পূর্ণ হওয়ায় তিন দিনব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ গতকাল সোমবার এক বিবৃতিতে এ তথ্য জানান।
বিবৃতিতে বলা হয়, ত্বকী হত্যার তিন বছর উপলক্ষে ৪, ৫ ও ৬ মার্চ তিন দিনব্যাপী কর্মসূচি গ্রহণ করা হয়েছে। ৪ মার্চ শুক্রবার বিকেল চারটায় নারায়ণগঞ্জের ২ নম্বর রেলগেট চত্বরে সমাবেশ অনুষ্ঠিত হবে। সমাবেশে বক্তব্য দেবেন পঙ্কজ ভট্টাচার্য, মনজুরুল আহসান খান, সৈয়দ আবুল মকসুদ ও স্থানীয় নেতারা। ৫ মার্চ শনিবার বিকেল চারটায় জাতীয় প্রেসক্লাব, ঢাকার কনফারেন্স লাউঞ্জে ‘ত্বকী হত্যার বিচারে রাষ্ট্রের অনীহা’ শীর্ষক গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হবে। বৈঠকে উপস্থিত থাকবেন অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, আহমদ রফিক, কামাল লোহানী, সুলতানা কামালসহ দেশের বিশিষ্টজনেরা।
সর্বশেষ ৬ মার্চ সকাল সাড়ে আটটায় ত্বকীর কবর জিয়ারত ও মিলাদ মাহফিল। পরে বিকেলে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে শিশু সমাবেশ ও শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। শিশু সমাবেশে উপস্থিত থাকবেন মামুনুর রশীদ, অধ্যাপক শান্তনু কায়সার, শিশির ভট্টাচার্য্য প্রমুখ।