ত্বকী হত্যার ঘটনায় দ্রুত অভিযোগপত্র দেওয়ার দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ঘটনায় দ্রুত অভিযোগপত্র দেওয়ার দাবি জানিয়ে বিবৃতি দিয়েছেন ২৫ বিশিষ্ট ব্যক্তি৷
গতকাল সোমবার পাঠানো এক বিবৃতিতে বিশিষ্ট ব্যক্তিরা বলেন, ত্বকী হত্যাকাণ্ডের ১৪ মাস পরও এই মামলার অভিযোগপত্র দেওয়া হয়নি৷ তদন্তকারী সংস্থা র৵াবের পক্ষ থেকে দুই মাস আগে অভিযোগপত্র দেওয়ার আশ্বাস দেওয়া হয়েছিল৷ এই কার্যক্রম এখন দৃশ্যত স্থগিত হয়ে পড়েছে বলে প্রতীয়মান হচ্ছে৷ এ অবস্থায় ১৬৪ ধারায় জবানবন্দির মাধ্যমে অভিযুক্ত আসামি জনসমক্ষে ঘুরে বেড়াচ্ছে৷ উচ্চ আদালত থেকে জামিন নিয়ে দেশ ছেড়ে পালিয়েও যাচ্ছে৷ এসব কারণে এই মামলার বিচার কার্যক্রমে সরকারের ভূমিকা ও সদিচ্ছা নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে৷
এ অবস্থায় দলীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গির ঊর্ধ্বে উঠে অবিলম্বে নিরপেক্ষভাবে সব অভিযুক্ত ব্যক্তিকে আইনের আওতায় অানার এবং অভিযোগপত্র প্রদানের দাবি জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা৷
বিবৃতিদাতারা হলেন আনিসুজ্জামান, সিরাজুল ইসলাম চৌধুরী, কামাল লোহানী, কাইয়ুম চৌধুরী, হাসান আজিজুল হক, যতীন সরকার, সৈয়দ আনোয়ার হোসেন, সৈয়দ আবুল মকসুদ, বদিউল আলম মজুমদার, মাহ্ফুজা খানম, সুলতানা কামাল, হায়াৎ মামুদ, রামেন্দু মজুমদার, সৈয়দ মনজুরুল ইসলাম, শাহদীন মালিক, সফিউদ্দিন আহমদ, মামুনুর রশীদ, শওকত আরা হোসেন, সারোয়ার আলী, শফি আহমেদ, মালেকা বেগম, মফিদুল হক, আনু মুহাম্মদ, এম এম আকাশ ও শিশির ভট্টাচার্য্য৷ বিজ্ঞপ্তি৷