ত্বকী হত্যার ছয় মাস পূর্তির আলোচনায় নির্বাচন নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় প্রেসক্লাবে গতকাল সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ষ ছবি: প্রথম আলো
জাতীয় প্রেসক্লাবে গতকাল সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত গোলটেবিল বৈঠকে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান ষ ছবি: প্রথম আলো

নির্বাচন হবে কি না, হলে তা সব দলের অংশগ্রহণে অবাধ ও সুষ্ঠু হবে কি না এবং তা যদি হয় তাহলে আওয়ামী লীগ কত আসন পাবে? ‘ত্বকী হত্যার বিচারে রাষ্ট্রের নির্লিপ্ততা ও গণতন্ত্রের সংকট’ শীর্ষক গোলটেবিল বৈঠকে বক্তারা এ ধরনের প্রশ্ন তোলেন। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ এই বৈঠকের আয়োজন করে।
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ছয় মাস পূর্ণ হলো আজ। এ উপলক্ষে গতকালের বৈঠকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, গত ছয় মাসে ত্বকীর পরিবার ও নাগরিক সমাজের পক্ষে অনেক প্রতিবাদ জানানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী ও প্রধানমন্ত্রীর কাছে আবেদন করেও কোনো ফল পাওয়া যায়নি। আইনের শাসনের প্রতি মানুষের আস্থা না থাকার ফল ভালো হয় না।
শিক্ষাবিদ সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ত্বকী হত্যার বিচার বিলম্বিত হওয়া আকস্মিক কিছু নয়। একের পর এক এ জাতীয় ঘটনায় বর্তমান সরকার অজনপ্রিয় হয়েছে।
উদীচীর সভাপতি কামাল লোহানী বলেন, আবারও আওয়ামী লীগ ক্ষমতাসীন হলে দ্বিগুণ দাপটে অত্যাচার করবে। বিএনপি এলে ভালো কিছু হয় না তাও জানা। নির্বাচন না হলে ‘অন্য পাড়ার লোকজন’ ক্ষমতাসীন হবে। কাজেই বিকল্প কিছু ভাবতে হবে।
সিপিবির উপদেষ্টামণ্ডলীর সদস্য মনজুরুল আহসান খান বলেন, সন্ত্রাসের মদদদাতা স্বয়ং সরকার। আইনজীবী শাহদীন মালিক বলেন, সন্ত্রাসীদের লালন-পালনের কারণে চরম মূল্য দিতে হবে আওয়ামী লীগকে। জাতীয় ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না আদৌ নির্বাচন হবে কিনা তা নিয়েই সংশয় প্রকাশ করেন।
নিহত ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বির সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে সামাজিক আন্দোলনের আহ্বায়ক অজয় রায়, কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সেন্ট্রাল উইমেনস ইউনিভার্সিটির অধ্যাপক মালেকা বেগম, কবি আসাদ চৌধুরী, নাট্যকার মামুনুর রশীদ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক আনু মুহাম্মদ প্রমুখ বক্তব্য দেন। শুরুতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ উপস্থাপিত ধারণাপত্রে বলা হয়, শামীম ওসমান ও তাঁর ভাই নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমান ত্বকী হত্যায় জড়িত থাকার প্রমাণ র‌্যাব পেয়েছে।
এদিকে ত্বকী হত্যার ছয় মাস পূর্তিতে আজ বিকেল পাঁচটায় নারায়ণগঞ্জে কেন্দ্রীয় শহীদ মিনারে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সহযোগিতায় শ্রুতি সাংস্কৃতিক একাডেমি প্রামাণ্যচিত্র, নাটক ও মূকাভিনয়ের আয়োজন করেছে। সন্ধ্যায় পাঁচ নম্বর ঘাটে গিয়ে আলোক ভাসানের আয়োজন করা হয়েছে।