ত্বকী হত্যার বার্ষিকী উপলক্ষে তিন দিনের কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার চার বছর উপলক্ষে ৩, ৪ ও ৬ মার্চ—তিন দিনব্যাপী নানা কর্মসূচি গ্রহণ করেছে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ। গতকাল মঙ্গলবার বিকেলে মঞ্চের সদস্যসচিব কবি হালিম আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মসূচিগুলো হলো ৩ মার্চ শুক্রবার বেলা তিনটায় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ। এতে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও নাট্যজন মামুনুর রশীদ।
৪ মার্চ শনিবার বিকেল চারটায় রাজধানীর সেগুনবাগিচায় মুক্তিযুদ্ধ জাদুঘরে অনুষ্ঠিত হবে ত্বকীকে নিয়ে দেশবরেণ্য লেখকদের লেখা স্মারকগ্রন্থ ত্বকী ওঙ্কারে গন্ধর্বে-এর প্রকাশনা অনুষ্ঠান। সেখানে উপস্থিত থাকবেন ভাষাসৈনিক, লেখক ও রবীন্দ্রগবেষক ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আহমদ রফিক, শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, ভাষাসৈনিক ও সাংবাদিক কামাল লোহানী, শিক্ষাবিদ ও গবেষক সফিউদ্দিন আহমদ এবং প্রাবন্ধিক ও মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি মফিদুল হক।