ত্বকী হত্যার বিচার না হওয়া রাষ্ট্রের ব্যর্থতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তানভীর হত্যা
তানভীর হত্যা

ত্বকী হত্যা ও গণজাগরণে প্রথম আলো শীর্ষক বইয়ের প্রকাশনা উৎসবে গতকাল শনিবার একাধিক বক্তা বলেছেন, ন্যায় ও আইনের শাসন প্রতিষ্ঠার জন্য ত্বকী হত্যার বিচার হতে হবে। দুই বছরেও ত্বকী হত্যার বিচার না হওয়া ‘রাষ্ট্রের ব্যর্থতা’ বলে উল্লেখ করেছেন তাঁরা।
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ড ও এর বিচারের দাবিতে চলমান আন্দোলন নিয়ে গত দুই বছর প্রথম আলোতে যেসব সংবাদ ছাপা হয়েছে, সেগুলোর সংকলন করেছেন লেখক সফিউদ্দিন আহমদ। গতকাল বিকেলে মুক্তিযুদ্ধ জাদুঘরে এ বইয়ের প্রকাশনা উৎসবের আয়োজন করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
প্রকাশনা অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ‘গত দুই বছর আমাদের ত্বকী হত্যার বিচারের দাবি করে আসতে হচ্ছে, কিন্তু এ দাবি এখনো কোনো ফল বয়ে আনেনি। ত্বকী একজন ব্যক্তি নয়, আমাদের প্রতীকে পরিণত হয়েছে। তার প্রতি যে অন্যায় করা হয়েছে তার প্রতিকার হয়নি। এ দেশে এটা আমরা প্রত্যাশা করি না।’
একাত্তরের যুদ্ধাপরাধের বিচারের মতো ত্বকী হত্যার বিচার জরুরি বলে উল্লেখ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী। তিনি বলেন, দুই বছরেও ত্বকী হত্যার বিচার না হওয়া রাষ্ট্রের ব্যর্থতা, এটা কলঙ্কজনক।
ত্বকী হত্যার পাশাপাশি নলকূপের গর্তে পড়ে নিহত শিশু জিহাদের কথা উল্লেখ করে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা আর রাষ্ট্রের ওপর ভরসা করতে পারি না, আমাদের সামাজিক শক্তির ওপর ভরসা করতে হবে।’
কথাসাহিত্যিক হায়াৎ মামুদ বলেন, সাম্প্রদায়িকতাবিরোধী আন্দোলনের সৈনিক রফিউর রাব্বিকে শায়েস্তা করতে তাঁর ছেলে ত্বকীকে খুন করা হয়েছে। এটা নিষ্ঠুরতার আরেক মাত্রা তুলে ধরে।
ত্বকী হত্যার বিচার ত্বরান্বিত করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন ত্বকীর বাবা রফিউর রাব্বি। তিনি বলেন, প্রধানমন্ত্রী যদি প্রকৃতই চান, তাহলেই ত্বকী হত্যার বিচার হবে। নয়তো এই সরকার বা প্রশাসন দিয়ে ত্বকী হত্যার বিচার হবে না।
প্রকাশনা অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি ও কবি হালিম আজাদ, বইয়ের লেখক সফিউদ্দিন আহমদ প্রমুখ।