ত্বকী হত্যার বিচার না হওয়া শিশু বিকাশের অন্তরায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ক্রমাগত ফ্যাসিস্ট রাষ্ট্রে রূপ নিচ্ছে। ত্বকী হত্যার বিচার না করে, হত্যাকারীদের পক্ষ নিয়ে এই রাষ্ট্র ভয়-ভীতি দেখিয়ে ত্বকীর মতো ছেলেমেয়েদের বিকশিত হওয়ার পথে বাধা সৃষ্টি করতে চায়।

আজ শুক্রবার জাতীয় প্রেসক্লাবে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ আয়োজিত গোলটেবিল আলোচনায় অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী এসব কথা বলেন।

নারায়ণগঞ্জে আলোচিত তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার দেড় বছর উপলক্ষে ‘ত্বকী হত্যা: বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রের ভূমিকাই সুশাসন ও গণতন্ত্রের অন্তরায়’ শীর্ষক এই গোলটেবিল আলোচনার আয়োজন করা হয়।


বক্তব্যে সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, হত্যার বিচার না হওয়া, অপরাধীদের পক্ষে রাষ্ট্রের সরাসরি অবস্থান ও গণমাধ্যমের কণ্ঠ রোধ করতে সম্প্রচার নীতিমালা করা—এগুলো বিচ্ছিন্ন ঘটনা নয়। ফ্যাসিবাদ প্রতিষ্ঠায় এগুলো একটি আরেকটির সঙ্গে যুক্ত। তিনি বলেন, এ থেকে বের হতে কেবল এক দলের শাসন থেকে আরেক দলের শাসনে গেলে হবে না। সমাজব্যবস্থার পরিবর্তন হতে হবে। তা না হলে শাসকেরা ত্বকীর মতো কিশোর ও তরুণদের বিকশিত হওয়ার পথ রুদ্ধ করে, মতপ্রকাশের স্বাধীনতা নষ্ট করে ক্ষমতা চিরস্থায়ী করার চেষ্টা করবে।


আলোচনায় বিভিন্ন রাজনৈতিক দলের নেতা, সুশীল সমাজের প্রতিনিধিসহ পেশাজীবী নেতারা বক্তব্য দেন। সভাপতির বক্তব্যে ত্বকীর বাবা ও মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী নারায়ণগঞ্জের ‘ওসমান পরিবারের’ পক্ষ নেওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা করেন। তিনি বলেন, সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যার পর প্রধানমন্ত্রী বলেছিলেন তিনি ‘বেডরুম’ পাহারা দিতে পারবেন না। কিন্তু ত্বকী তো বেডরুমে খুন হয়নি। তারপর যখন খুন হলো তখন প্রধানমন্ত্রী খুনিদের পক্ষে অবস্থান নিলেন।


রাব্বী অভিযোগ করেন, প্রধানমন্ত্রীর এমন মনোভাবের কারণে ত্বকী হত্যার অভিযোগপত্র প্রস্তুত হলেও তা আদালতে দাখিল করা হচ্ছে না। কেননা, সেখানে ওসমান পরিবারের এক সদস্য আজমেরি ওসমানের নাম আছে।


সাংবাদিক কামাল লোহানী বলেন, সংসদে দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ওসমান পরিবারের পক্ষ নেওয়ার পর তাঁর তো পদত্যাগ করা উচিত ছিল। কিন্তু তিনি টিকে আছেন। কেননা, তাঁর ক্ষমতা আছে।


প্রবীণ রাজনীতিবিদ অজয় রায় বলেন, সারা দেশ গডফাদারে ভরে গেছে। এখন সারা দেশেই সন্ত্রাসের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে।


অধ্যাপক আনু মুহাম্মদ বলেন, ত্বকী হত্যার বিচার একদিন হবেই। সেদিন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাঠগড়ায় দাঁড়াতে হবে।


গোলটেবিল আলোচনা পরিচালনা করেন ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ। এতে বক্তব্য দেন মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্ট্রি সারোয়ার আলী, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সিপিবির সাধারণ সম্পাদক সৈয়দ আবু জাফর, রাজনীতিবিদ পঙ্কজ ভট্টাচার্য, অধ্যাপক এম এম আকাশ, গণসংহতি আন্দোলনের সমন্বয়ক জোনায়েদ সাকি প্রমুখ।

গত বছরের ৬ মার্চ ত্বকী নিখোঁজ হন। ওই রাতেই হত্যা করে তার লাশ শীতলক্ষ্যা নদীতে ফেলে দেওয়া হয়।