ত্বকী হত্যার বিচার সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে আটকা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মুক্তিযুদ্ধ জাদুঘরে গতকাল ত্বকীর বই ও জনান্তিকে ত্বকী নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (বাঁ থেকে) গবেষক সফিউদ্দিন আহমেদ, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, ত্বকীর বাবা রফিউর রাব্বি ও অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী । প্রথম আলো
মুক্তিযুদ্ধ জাদুঘরে গতকাল ত্বকীর বই ও জনান্তিকে ত্বকী নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন (বাঁ থেকে) গবেষক সফিউদ্দিন আহমেদ, ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, ত্বকীর বাবা রফিউর রাব্বি ও অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী । প্রথম আলো

রাজধানীতে গতকাল শুক্রবার এক অনুষ্ঠানে বিশিষ্টজনেরা বলেছেন, নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর কাছে পুরো সমাজ ও রাষ্ট্র অপরাধী। কারণ, তাঁকে নিরাপত্তা দিতে পারেনি, বাঁচাতে ব্যর্থ হয়েছে। হন্তারকদের বিচারও সংকীর্ণ রাজনৈতিক স্বার্থে আটকা পড়েছে।
মুক্তিযুদ্ধ জাদুঘরে ত্বকীর বই ও জনান্তিকে ত্বকী নামে দুটি বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বিশিষ্টজনেরা এসব কথা বলেন। ত্বকীর লেখা এবং তাকে নিয়ে বিভিন্নজনের লেখা গদ্য-কবিতা ও আলোকচিত্র নিয়ে এই দুটি বই প্রকাশ করা হয়েছে। মোড়ক উন্মোচন অনুষ্ঠান আয়োজন করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
গত বছরের ৬ মার্চ বিকেলে নারায়ণগঞ্জ শহরের শায়েস্তা খাঁ সড়কের বাসা থেকে বের হওয়ার পর নিখোঁজ হয় ত্বকী। ৮ মার্চ সকালে শহরের চারারগোপে শীতলক্ষ্যা নদীর শাখা খাল থেকে তার লাশ উদ্ধার করা হয়। ওই দিন প্রকাশিত এ লেভেল পরীক্ষার ফলে সে রসায়ন ও পদার্থবিজ্ঞানে সারা দেশে সর্বোচ্চ নম্বর পেয়েছিল।
অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, ত্বকী হত্যাকাণ্ডের পর করা আবেদন-নিবেদন এখন পর্যন্ত মনে হয় বিফলই হয়েছে। এখন পর্যন্ত রাজনৈতিক দলীয় সংকীর্ণ স্বার্থ সুবিচারের পথ আটকে রেখেছে। তিনি বলেন, ‘রাষ্ট্রের ভিত্তি আইনের শাসন। আশা করি, ত্বকী হত্যার প্রকৃত তদন্ত হবে, দোষীদের শাস্তি হবে।’
শিক্ষাবিদ অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী বলেন, ‘আমরা সবাই ত্বকীর কাছে অপরাধী। কারণ আমরা তাকে বাঁচাতে পারিনি, নিরাপত্তা দিতে পারিনি। এমনকি হত্যাকারীদের বিচারের আওতায় আনতে পারিনি। এই অপরাধ গোটা সমাজের, রাষ্ট্রের।’ তিনি রাষ্ট্র ও সমাজব্যবস্থার পরিবর্তনের ডাক দিয়ে বলেন, ‘ত্বকী হত্যার বিচার চাই, হতেই হবে। তবে শুধু বিচার চেয়ে ত্বকীর মতো তরুণদের বাঁচাতে পারব না। এখন সিদ্ধান্ত আপনাদের, এই ব্যবস্থা মেনে নেবেন, না কি ভাঙবেন? মেনে নিলে ত্বকীরাও বাঁচবে না, আপনারাও না।’
সাংবাদিক কামাল লোহানী বলেন, ‘এখন আঁটসাঁট হয়ে দাঁড়ানোর সময় এসেছে। এটা ভালো না বলে দূরে সরে গেলাম। ওরা মন্দ তাই এগোব না, তা হবে না। প্রতিরোধ গড়তেই হবে।’
গবেষক সফিউদ্দিন আহমেদ বলেন, ত্বকীর হত্যাকাণ্ড একটা ‘প্রতীক’। এটাকে একটা মৃত্যু হিসেবে না নিয়ে সব অনাচারের ক্ষোভ একত্র করে অন্যায়, অত্যাচারের বিরুদ্ধে দাঁড়াতে হবে।
সভাপতির বক্তব্যে ত্বকীর বাবা ও নারায়ণগঞ্জের বিভিন্ন সামাজিক, সাংস্কৃতিক, নাগরিক আন্দোলনের নেতা রফিউর রাব্বি বলেন, ‘একসময় বলা হতো, আমার সন্তান যেন দুধে-ভাতে থাকে। কিন্তু এখন দুধ-ভাত তো দূরের কথা, স্বাভাবিক মৃত্যুর নিশ্চয়তার জন্য দুশ্চিন্তায় থাকতে হয়।’