ত্বকী হত্যার বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের বিচারে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হস্তক্ষেপ চাওয়া হয়েছে। ত্বকী মঞ্চের পক্ষ থেকে আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানানো হয়।
‘ত্বকী হত্যা ও বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রের বৈষম্য’ শীর্ষক গোলটেবিল বৈঠকে লিখিত বক্তব্য পড়ে শোনান ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, ‘সরকার তার রাজনৈতিক প্রয়োজনে কোনো বিচার সম্পন্ন করে; আবার রাজনৈতিক প্রয়োজনেই কোনো কোনো অপরাধের বিচার বন্ধ রাখে। এই পরিস্থিতি চলতে থাকলে বিচারব্যবস্থার ওপর আস্থা ও ভরসার জায়গাটি ধ্বংস হয়ে যাবে। বিচারব্যবস্থা ও সুশাসন ধ্বংস হয়ে গেলে রাষ্ট্রের আর গণতান্ত্রিক চরিত্র থাকে না। রাষ্ট্র দেউলিয়া হয়ে পড়ে। মুক্তিযুদ্ধের বাংলাদেশকে আমরা দেউলিয়া দেখতে চাই না। আর তাই কালবিলম্ব না করে ত্বকী হত্যার ঘাতক ও নির্দেশদাতাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে এবং আদালতে অভিযোগপত্র দিতে প্রধানমন্ত্রীকে নির্দেশ প্রদানের আহ্বান জানাচ্ছি।’
আলোচনায় অংশ নিয়ে বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, রাজনীতি এখন নীতি-আদর্শে পরিচালিত হচ্ছে না। রাজনীতিবিদেরা এখন হিসাব করেন কোনটা হলে ক্ষমতা পোক্ত হবে, কোনটা হলে না। এই হিসাবেই তাঁরা তাঁদের সবকিছু পরিচালিত করেন।
নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমান পরিবারের প্রতি ইঙ্গিত করে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, তাদের অতীত ঐতিহ্য থাকলেও সন্তানেরা যা করেছেন, তারপরও তাদের পক্ষে প্রধানমন্ত্রীর একবিন্দু অবস্থানও হবে মারাত্মক। কিন্তু প্রধানমন্ত্রী কী করলেন? প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বললেন যে তাদের রক্ষা করবেন। চার বছর ধরে আন্দোলনের পরও অগ্রগতি তাই শূন্যের খাতায়।
বাংলাদেশের সমাজতান্ত্রিক দলের (বাসদ) কেন্দ্রীয় সাধারণ সম্পাদক খালেকুজ্জামান বলেন, অপরাধ তদন্তের যতগুলো উত্তর পাওয়া প্রয়োজন ছিল, তার সব কটি উত্তরই ত্বকী হত্যাকাণ্ডের তদন্তে পাওয়া গিয়েছিল। অর্থাৎ, তদন্ত সম্পন্ন হয়েছে; কিন্তু অভিযোগপত্র দেওয়া হচ্ছে না। যখনই কোথাও শাসকগোষ্ঠীর স্বার্থসংশ্লিষ্ট বিষয় জড়িয়ে যায়, তখনই বিচার প্রক্রিয়া ব্যাহত হয়। কল্পনা চাকমা হত্যা, তনু হত্যা, ত্বকী হত্যার ক্ষেত্রে এমনটা দেখা গেছে।
সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, ‘আমরা যদি সভ্য জাতি হিসেবে নিজেদের পরিচয় দিতে চাই, অরাজক পরিস্থিতির দিকে নিজেদের ঠেলে দিতে না চাই, তাহলে ত্বকী হত্যার বিচার যত দ্রুত সম্ভব করতে হবে।’
ত্বকীর বাবা রফিউর রাব্বী বলেন, প্রধানমন্ত্রীর চাওয়ার কারণেই বিচার হচ্ছে; আবার তাঁর না চাওয়ার কারণেই বিচার হচ্ছে না—দেশের বাস্তবতা এমন। প্রধানমন্ত্রীর ঘোষণার মাধ্যমে ত্বকী হত্যার বিচার থেমে গেছে। এই বিচার শুরুর জন্য তাই তাঁকেই ঘোষণা দিতে হবে।
গোলটেবিলে আরও বক্তব্য দেন সিপিবির উপদেষ্টা মঞ্জুরুল আহসান খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, গণসংহতির আহ্বায়ক জুনায়েদ সাকি, সাংবাদিক অজয় দাশগুপ্ত, মিজানুর রহমান খান প্রমুখ।
২০১৩ সালের ৬ মার্চ নিখোঁজ হয় তানভীর মুহাম্মদ ত্বকী। এর দুই দিন পর তার লাশ উদ্ধার করে পুলিশ।