ত্বকী হত্যার বিচারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

নারায়ণগঞ্জের সাত খুন মামলার রায়ের পর মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের বিচার পাওয়ার ব্যাপারে আশার আলো দেখছে তার পরিবার ও বিশিষ্ট নাগরিকেরা। তাঁরা বলছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা চাইলেই ত্বকী হত্যার বিচার কার্যক্রম সম্পন্ন হওয়া সম্ভব।
ত্বকী মঞ্চের পক্ষ থেকে গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব কথা বলা হয়। বৈঠকে বক্তারা বলেন, ২০১৪ সালের ৩০ এপ্রিল সাংসদ নাসিম ওসমানের মৃত্যুর পর জাতীয় সংসদে প্রধানমন্ত্রী ওসমান পরিবারের পাশে থাকার প্রতিশ্রুতির কথা জানান। এরপর থেকেই মূলত ত্বকী হত্যার তদন্ত কার্যক্রম থেমে যায়।
২০১৩ সালের ৬ মার্চ বিকেলে পাঠাগারে যাওয়ার পথে নারায়ণগঞ্জের বঙ্গবন্ধু সড়ক থেকে ত্বকীকে অপহরণ করা হয়। এর দুই দিন পর পুলিশ তার লাশ শীতলক্ষ্যা নদীর খালের পাড় থেকে উদ্ধার করে। মামলার তদন্তে পরবর্তী সময়ে নারায়ণগঞ্জের আলোচিত ওসমান পরিবারের সংশ্লিষ্টতার বিষয়টি উঠে আসে।
ত্বকী হত্যা ও বিচারিক প্রক্রিয়ায় রাষ্ট্রের বৈষম্য’ শীর্ষক গোলটেবিল বৈঠকে লিখিত বক্তব্য পড়ে শোনান ত্বকী মঞ্চের সদস্যসচিব হালিম আজাদ। লিখিত বক্তব্যে তিনি বলেন, সরকার তার রাজনৈতিক প্রয়োজনে কোনো বিচার সম্পন্ন করে; আবার রাজনৈতিক প্রয়োজনেই কোনো কোনো অপরাধের বিচার বন্ধ রাখে। এই পরিস্থিতি চলতে থাকলে বিচারব্যবস্থার ওপর আস্থা ও ভরসার জায়গাটি ধ্বংস হয়ে যাবে। তিনি কালবিলম্ব না করে ত্বকী হত্যার ঘাতক ও নির্দেশদাতাদের গ্রেপ্তার করে বিচারের আওতায় আনতে এবং আদালতে অভিযোগপত্র দিতে প্রধানমন্ত্রীকে নির্দেশ প্রদানের আহ্বান জানান।

আলোচনায় অংশ নিয়ে নারায়ণগঞ্জের সাংসদ শামীম ওসমান পরিবারের প্রতি ইঙ্গিত করে ঐক্য ন্যাপের সভাপতি পঙ্কজ ভট্টাচার্য বলেন, তাদের অতীত ঐতিহ্য থাকলেও সন্তানেরা যা করেছেন, তারপরও তাঁদের পক্ষে প্রধানমন্ত্রীর একবিন্দু অবস্থানও হবে মারাত্মক। কিন্তু প্রধানমন্ত্রী কী করলেন? প্রধানমন্ত্রী সংসদে দাঁড়িয়ে বললেন যে তাদের রক্ষা করবেন। চার বছর ধরে আন্দোলনের পরও অগ্রগতি তাই শূন্যের খাতায়।

সিপিবির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, রাজনীতি এখন নীতি-আদর্শে পরিচালিত হচ্ছে না। রাজনীতিবিদেরা এখন হিসাব করেন কোনটা হলে ক্ষমতা পোক্ত হবে, কোনটা হলে না। এই হিসাবেই তাঁরা তাঁদের সবকিছু পরিচালিত করেন।

ত্বকীর বাবা রফিউর রাব্বি বলেন, প্রধানমন্ত্রীর চাওয়ার কারণেই বিচার হচ্ছে; আবার তাঁর না চাওয়ার কারণেই বিচার হচ্ছে না—দেশের বাস্তবতা এমন। প্রধানমন্ত্রীর ঘোষণার মাধ্যমে ত্বকী হত্যার বিচার থেমে গেছে। এই বিচার শুরুর জন্য তাই তাঁকেই ঘোষণা দিতে হবে।

 গোলটেবিলে আরও বক্তব্য দেন সিপিবির উপদেষ্টা মনজুরুল আহসান খান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব কামাল লোহানী, বাসদের সাধারণ সম্পাদক খালেকুজ্জামান, সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার, গণসংহতির আহ্বায়ক জুনায়েদ সাকি, সাংবাদিক অজয় দাশগুপ্ত, মিজানুর রহমান খান প্রমুখ।

ত্বকী অপহরণ ও হত্যা

লিখিত বক্তব্যে ত্বকি হত্যা মামলার বিস্তারিত তুলে ধরে বলা হয়, র‍্যাব ত্বকীর বাবার করা হত্যা মামলার তদন্ত শুরু করলে ওই বছরের ২৯ জুলাই ইউসুফ হোসেন লিটন নামের এক আসামি আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। ওই বছরেরই ১২ নভেম্বর সুলতান শওকত ভ্রমর নামে আরেক আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, নাসিম ওসমানের ছেলে আজমেরী ওসমানের নির্দেশে তাঁর টর্চার সেলে তাঁরই উপস্থিতিতে ত্বকীকে রাতে হত্যা করা হয়। আজমেরীর গাড়িতে করেই ত্বকীর লাশ শীতলক্ষ্যা নদীর পাড়ে নিয়ে যাওয়া হয় এবং পরে লাশ নৌকায় করে নিয়ে গিয়ে নদীতে ফেলে দেন। এরপর টর্চার সেলে ফিরে সবাই মিলে বিরিয়ানি খান।

২০১৪ সালের ৫ মার্চ র‍্যাবের অতিরিক্ত মহাপরিচালক সংবাদ সম্মেলনে বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক গণমাধ্যমকে ত্বকী হত্যার একটি খসড়া অভিযোগপত্র সরবরাহ করে শিগগিরই তা আদালতে পেশ করা হবে বলে জানান। ওই অভিযোগপত্রে উল্লেখ করা হয় যে আজমেরী ওসমানের নেতৃত্বে ১১ জন ত্বকীকে হত্যা করেছেন।

কিন্তু আদালতে অভিযোগপত্র না দেওয়ায় ২০১৪ সালের মে মাসে সুলতান শওকত উচ্চ আদালত থেকে জামিন নিয়ে বিদেশে পালিয়ে যান এবং ইউসুফ হোসেন লিটন ২০১৬ সালের ২৫ অক্টোবর উচ্চ আদালত থেকে জামিন পান। আজমেরী ওসমান ঘটনার পর কিছুদিন পালিয়ে থাকলেও পরবর্তী সময়ে ফিরে এসে ত্বকীর বাবা রফিউর রাব্বির জিভ কেটে নেওয়ার হুমকি দেন এবং ত্বকী হত্যার বিচারপ্রার্থীদের বিভিন্নভাবে হুমকি-ধমকি দিতে থাকেন। তিনি প্রশাসনের সামনেই বীরদর্পে ঘুরে বেড়াচ্ছেন, অথচ পুলিশ বা প্রশাসন তাঁর বিরুদ্ধে কোনো ব্যবস্থাই গ্রহণ করছে না।