ত্বকী হত্যার বিচারের দাবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যাকাণ্ডের ৩৯ মাস পূর্তি উপলক্ষে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের উদ্যোগে সমাবেশ ও মোম শিখা প্রজ্বালন কর্মসূচি পালিত হয়েছে। গতকাল সোমবার সন্ধ্যায় নগরের চাষাঢ়ায় অবস্থিত শহীদ মিনার প্রাঙ্গণে এসব কর্মসূচি পালন করা হয়।
সমাবেশে নিহত ত্বকীর বাবা সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, ‘দুই বছর আগে জাতীয় সংসদে দেওয়া প্রধানমন্ত্রীর একটি বক্তব্যের কারণে ত্বকী হত্যাকাণ্ডের বিচার বন্ধ হয়ে যায়। সম্প্রতি এক বৈঠকে ওসমান পরিবারের বিরুদ্ধে প্রধানমন্ত্রী অসন্তোষ প্রকাশ করেছেন বলে গণমাধ্যমে প্রকাশিত সংবাদে জানা গেছে। প্রধানমন্ত্রীর এ উপলব্ধিকে আমরা স্বাগত জানাই। আশা করি, প্রধানমন্ত্রী এখন ত্বকীর খুনি ও খুনের নির্দেশদাতাদের গ্রেপ্তারে আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় নির্দেশনা দেবেন।’
রফিউর রাব্বী বলেন, ‘৩৯ মাস আগে ত্বকীকে খুন করা হয়েছে। আমরা বলেছিলাম, এই হত্যাকাণ্ডের বিচার হতেই হবে। এই হত্যাকাণ্ডের তদন্ত করল পুলিশ। তারপর উচ্চ আদালতের নির্দেশে মামলার তদন্তভার দেওয়া হলো র্যাবের ওপর। তিন মাস তদন্ত শেষে র্যাব একটি খসড়া অভিযোগপত্র তৈরি করে সংবাদ সম্মেলন করে দেশবাসীকে জানাল কারা ত্বকীর খুনি। অথচ মাঝপথে এসে সরকারের পক্ষ থেকেই ত্বকী হত্যার বিচারকে আটকে দেওয়া হয়েছে।’
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, সিপিবির জেলা সভাপতি হাফিজুল ইসলাম, ওয়ার্কার্স পার্টির জেলা সাধারণ সম্পাদক হিমাংশু সাহা প্রমুখ।
২০১৩ সালের ৬ মার্চ মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ ও খুন করা হয়। ৮ মার্চ শীতলক্ষ্যা নদীতে তার লাশ পাওয়া যায়।