ত্বকী হত্যার বিচারের দাবিতে গণস্বাক্ষর
নারায়ণগঞ্জে মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যাকারীদের বিচারের দাবিতে গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
গতকাল শনিবার বিকেলে শহরের চাষাঢ়া শহীদ মিনারে কর্মসূচির উদ্বোধন করেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের প্রধান উপদেষ্টা সেলিনা হায়াৎ আইভী। প্রধান অতিথি ছিলেন ভাষাসৈনিক ও উদীচী কেন্দ্রীয় সংসদের সভাপতি কামাল লোহানী। উদ্বোধনের আগে সমাবেশে সভাপতিত্ব করেন মঞ্চের আহ্বায়ক ত্বকীর বাবা রফিউর রাব্বি। বক্তৃতা করেন সেলিনা হায়াৎ আইভী এবং ত্বকী মঞ্চের সদস্যসচিব নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি কবি হালিম আজাদ।
কামাল লোহানী বলেন, ‘নারায়ণগঞ্জের অনেক ঐতিহ্য রয়েছে। উনসত্তরের গণ-অভ্যুত্থান থেকে শুরু করে অনেক আন্দোলনেই এ জেলার ভূমিকা ছিল। এ রকম জেলায় ত্বকীর মতো মেধাবী ছেলেকে যারা হত্যা করে আনন্দ পেয়েছে; সেসব খুনিকে কেন পুলিশ গ্রেপ্তার করছে না, তা আমার বোধগম্য নয়।’
সেলিনা হায়াৎ আইভী বলেন, ‘নারায়ণগঞ্জের ৯৯ শতাংশ মানুষ বিশ্বাস করে, ত্বকীকে ওসমান পরিবারই হত্যা করেছে। প্রধানমন্ত্রী আমাকে কথা দিয়েছেন, ত্বকী হত্যাকাণ্ডের বিচার হবে। আগামী ছয় মাসের মধ্যে ত্বকী হত্যার বিচার না হলে নারায়ণগঞ্জবাসীকে সঙ্গে নিয়ে রাজপথে নামব।’
রফিউর রাব্বি বলেন, ‘ত্বকী হত্যার বিচারের দাবিতে শুরু হওয়া গণস্বাক্ষর কর্মসূচি আমরা সারা দেশের শিক্ষাপ্রতিষ্ঠানে ছড়িয়ে দেব। কারণ, দুর্বৃত্তায়ন সারা দেশেই চলছে। আমরা নারায়ণগঞ্জ থেকেই এ দুর্বৃত্তদের কবর রচনা করে উদাহরণ সৃষ্টি করব।’