ত্বকী হত্যার বিচারের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের প্রতিটি মানুষকে ত্বকী হত্যার বিচারের দাবিতে সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন আইন ও সালিশ কেন্দ্রের নির্বাহী পরিচালক ও টিআইবির ট্রাস্টি বোর্ডের চেয়ারপারসন সুলতানা কামাল। গতকাল শনিবার নগরের চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত মা ও শিশু সমাবেশে তিনি এ আহ্বান জানান।
মেধাবী শিক্ষার্থী তানভীর মুহামঞ্চদ ত্বকীর প্রথম মৃত্যুবার্ষিকীতে খুনিদের ফাঁসির দাবিতে তিন দিনব্যাপী কর্মসূচির শেষ দিনে ওই সমাবেশ করা হয়। গতকাল বিকেলে সমাবেশের আয়োজন করে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুলতানা কামাল আরও বলেন, ‘মুক্তিযুদ্ধের পক্ষের দাবিদার একটি দল এখন ক্ষমতায় থাকলেও আমাদের সন্তান হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ করতে হয়। ত্বকীকে এক বছর আগে নিষ্ঠুরভাবে হত্যা করা হয়েছে। এমন একটা সময়ে আমরা এসে দাঁড়িয়েছি যে আমাদের প্রায় বিশ্বাস করতে হচ্ছে, হয়তো ত্বকী হত্যার বিচার জীবদ্দশায় আমরা দেখে যেতে পারব না।’
ত্বকীর মা রওনক রেহানার সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে মহিলা পরিষদের জেলা কমিটির সভাপতি লক্ষ্মী চক্রবর্তী, মানবাধিকারকর্মী তাছলিমা আক্তার, সাংস্কৃতিক কর্মী ফাহমিদা আজাদ, মহিলা পরিষদ নেত্রী শাহানারা বেগম ও শোভা সাহা এবং প্রীতি কনা দাস বক্তৃতা করেন।
সুলতানা কামাল আরও বলেন, নারায়ণগঞ্জবাসী জানে কারা এ হত্যাকাণ্ড ঘটিয়েছে। খুনিদের সবচেয়ে পরাজয়, তারা জানে যে তারা হত্যাকারী এবং অপরাধী। আর সত্য কখনো চাপা থাকে না। তিনি ত্বকী হত্যার বিচার না হওয়াকে দেশের অন্য সব হত্যার বিচার না হওয়ার প্রতীক হিসেবে উল্লেখ করেন।
ত্বকীর মা রওনক রেহানা বলেন, ‘আমাদের সন্তানদের নিরাপত্তা রাষ্ট্র দিতে পারেনি।’ তিনি কান্নাজড়িত কণ্ঠে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃষ্টি আকর্ষণ করে বলেন, ‘আপনারা নাগরিকদের নিরাপত্তা নিশ্চিতের অঙ্গীকার করে ক্ষমতায় আসেন। অঙ্গীকার ভঙ্গের জন্য আপনাদের এক দিন জনতার মুখোমুখি দাঁড়াতে হবে।’
রওনক রেহানা বলেন, প্রধানমন্ত্রীকে ত্বকীসহ দেশের সব হত্যাকাণ্ডের নির্দেশদাতাদের আইনের আওতায় আনার আহ্বান জানান।