ত্বকী হত্যার সাড়ে চার বছরে মোম প্রজ্বালন
মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার সাড়ে চার বছর পূর্তিতে গতকাল শুক্রবার সন্ধ্যায় নারায়ণগঞ্জ নগরের চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মোম প্রজ্বালন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট।
কর্মসূচি চলাকালে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক ও তানভীর মুহাম্মদ ত্বকীর বাবা রফিউর রাব্বি অভিযোগ করেন, ত্বকী হত্যার বিচারপ্রক্রিয়া বন্ধ করে রাখা হয়েছে।
সংগঠনের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহাবুবুর রহমান, সাংবাদিক হালিম আজাদ, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়।
রফিউর রাব্বি বলেন, দেশের আলোচিত সাত খুনের মতো জটিল মামলা সাড়ে তিন বছরের মধ্যে নিম্ন আদালত ও উচ্চ আদালতে সম্পন্ন হলো। দুই বছরের মধ্যে নারায়ণগঞ্জে পাঁচ খুনের মামলার রায় সম্পন্ন হলো। কিন্তু সাড়ে চার বছরেও ত্বকী হত্যার অভিযোগপত্র পর্যন্ত আদালতে দেওয়া হয়নি। অথচ ত্বকী হত্যার রহস্য, কারণ, ঘাতক, স্থান, সময় সবই তদন্তকারী সংস্থা র্যাব ত্বকী হত্যার এক বছরের মধ্যেই সংবাদ সম্মেলন করে দেশবাসীকে জানিয়েছে।
জিয়াউল ইসলাম বলেন, ‘প্রধানমন্ত্রী বলেছেন, ত্বকী হত্যার বিচার তিনি করবেন। আমরা সে বিচার দেখতে চাই।’
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সমন্বয়ক জোনায়েদ সাকী, খেলাঘর নারায়ণগঞ্জ জেলা সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এ বি সিদ্দিক, বাসদ জেলা সমন্বয়ক নিখিল দাস, সিপিবি জেলা সম্পাদক শিবনাথ চক্রবর্তী, ওয়ার্কার্স পার্টি জেলা সম্পাদক হিমাংশু সাহা, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুর সুজন, ন্যাপ জেলা সভাপতি আবদুল ওহাব, সাধারণ সম্পাদক আওলাদ হোসেন প্রমুখ।
২০১৩ সালের ৬ মার্চ মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণের পর হত্যা করা হয়। ৮ মার্চ সকালে শীতলক্ষ্যা নদী থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। এ হত্যার তদন্তকারী সংস্থা র্যাব হত্যাকাণ্ডের এক বছর পর সংবাদ সম্মেলন করে জানায়, আজমেরী ওসমানের নেতৃত্বে ১১ জন ঘাতক ত্বকীকে হত্যা করেছে। অচিরেই সে অভিযোগপত্র আদালতে দেওয়া হবে। সে সময় থেকে সাড়ে চার বছর ধরে প্রতি মাসের ৮ তারিখ নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট ত্বকী হত্যার বিচারের দাবিতে কর্মসূচি পালন করে আসছে।