ত্বকী হত্যার ৪ বছর উপলক্ষে আজ চিত্রাঙ্কন প্রতিযোগিতা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৪ বছর উপলক্ষে আজ শুক্রবার বেলা তিনটায় নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে (আর্ট কলেজ) চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী ও নাট্যজন মামুনুর রশীদ। প্রতিযোগিতা শেষে অনুষ্ঠানস্থলে পুরস্কার দেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার বিকেলে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব কবি হালিম আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
২০১৩ সালের ৬ মার্চ মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ নগরীর শায়েস্তা খান সড়কের বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। দুদিন পর শীতলক্ষ্যা নদীর কুমুদিনী শাখা খাল থেকে ত্বকীর বস্তাবন্দী লাশ উদ্ধার করা হয়। ত্বকী হত্যার বিচারের দাবিতে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চ নানা কর্মসূচি পালন করে আসছে।