ত্বকী হত্যার ৪৯ মাস পূর্তিতে শিখা প্রজ্বালন

নারায়ণগঞ্জে মেধাবী কিশোর তানভীর মুহাম্মদ ত্বকী হত্যার ৪৯ মাস পূর্তিতে মোম শিখা প্রজ্বালন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। গতকাল শনিবার সন্ধ্যায় নগরীর চাষাঢ়ায় নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সামনে এ কর্মসূচি পালন করা হয়।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে কর্মসূচি চলাকালে সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, খেলাঘর জেলা কমিটির সভাপতি রথীন চক্রবতী, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, নারায়ণগঞ্জ প্রেসক্লাবের সভাপতি মাহবুবুর রহমান, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি ভবানী শংকর রায়, সাধারণ সম্পাদক ধীমান সাহা প্রমুখ।
বক্তারা বলেন, সরকারের আন্তরিকতা ছিল বলেই সাত খুনের মতো এত বড় মামলার বিচারকাজ সম্পন্ন হয়েছে। সরকার চায় না বলেই ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হচ্ছে না। দ্রুত ত্বকী হত্যাকাণ্ডের নির্দেশদাতা ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল এবং তাঁদের গ্রেপ্তার করে বিচারের মুখোমুখি দাঁড় করানোর জন্য সরকারের প্রতি আহ্বান জানান তাঁরা।
রফিউর রাব্বি বলেন, সরকারের দলীয় অন্ধত্বের কারণেই ত্বকী হত্যাকাণ্ডের বিচার হচ্ছে না। দেশে আজ একজনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে। বিচারব্যবস্থা ও গণতন্ত্রের টুঁটি চেপে মুক্তিযুদ্ধের আকাঙ্ক্ষার বাংলাদেশ গড়া সম্ভব নয়। সরকারকে ত্বকী, তনুসহ সব হত্যাকাণ্ডের বিরুদ্ধে স্পষ্ট অবস্থান গ্রহণ করতে হবে। সরকার আজ দুর্বৃত্ত রক্ষার রাজনীতি করছে। সরকারের সমস্ত কার্যক্রমের মধ্যে আগামী নির্বাচনের বৈতরণি পার হওয়ার কৌশল পরিলক্ষিত হচ্ছে। বিচারহীনতাকে টিকিয়ে রেখে আগামী নির্বাচনে জনগণের সমর্থন পাওয়ার কোনো কারণ নেই।
সমাবেশ শেষে একটি মিছিল নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নগরীর ৫ নম্বর ঘাটে গিয়ে শীতলক্ষ্যা নদীতে মোম শিখা প্রজ্বালন ও আলো ভাসায়।
২০১৩ সালের ৬ মার্চ মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীকে অপহরণ ও খুন করা হয়। ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার সুলতান শওকত ওরফে ভ্রমর আদালতে দেওয়া স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেন, আজমেরী ওসমানের নেতৃত্বে কলেজ রোড এলাকায় তাঁর টর্চার সেলে নির্যাতন চালিয়ে ত্বকীকে হত্যা করা হয়। সে সময় থেকে বিচারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এ প্রতিবাদী কর্মসূচি পালন করে আসছে।