ত্বকী হত্যার ৫০ মাস পূর্তিতে মোমবাতি প্রজ্বালন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ত্বকী হত্যার ৫০ মাস পূর্তিতে নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করা হয় l ছবি: প্রথম আলো
ত্বকী হত্যার ৫০ মাস পূর্তিতে নারায়ণগঞ্জ নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে মোমবাতি প্রজ্বালন করা হয় l ছবি: প্রথম আলো

নারায়ণগঞ্জে ত্বকী হত্যার ৫০ মাস পূর্তিতে মোমবাতি প্রজ্বালন কর্মসূচি পালন করেছে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট। গতকাল সোমবার সন্ধ্যায় নগরীর চাষাঢ়া কেন্দ্রীয় শহীদ মিনারে এই কর্মসূচি পালন করা হয়।
সংগঠনের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে সমাবেশে উপস্থিত ছিলেন নিহত ত্বকীর বাবা সাংস্কৃতিক ব্যক্তিত্ব রফিউর রাব্বি, খেলাঘর জেলা কমিটির সভাপতি রথীন চক্রবর্তী, জেলা সিপিবি সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সমন্বয়ক নিখিল দাস, ন্যাপের জেলা সভাপতি আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, উদীচী শিল্পীগোষ্ঠীর জেলা সভাপতি জাহিদুল হক, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক ধীমান সাহা, সাবেক সভাপতি ভবানী শংকর রায়, আইনজীবী প্রদীপ ঘোষ, গণসংহতি আন্দোলনের জেলা সমন্বয়ক তরিকুল সুজন প্রমুখ।
সমাবেশে সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, ‘ত্বকী হত্যার বিচার চাইতে গিয়ে ওসমান পরিবারের রোষানলে পড়তে হয়েছে। হুমকি-ধমকি, মামলা-মোকদ্দমা দিয়ে বিচার চাওয়া থেকে বিরত রাখার ব্যর্থ চেষ্টা করা হয়েছে। শামীম ওসমান শীতলক্ষ্যা নদীর পূর্ব-পশ্চিম পারের বিভিন্ন মসজিদে ভয়ভীতি দেখিয়ে, টাকাপয়সা দিয়ে আমার বিরুদ্ধে কথা বলাচ্ছেন। যাতে আমরা ত্বকী হত্যার বিচার না চাই। তাঁদের অপকর্ম, খুন, হত্যা, রাহাজানি, সন্ত্রাস, চাঁদাবাজির বিরুদ্ধে আমরা যাতে কথা না বলি।’
রফিউর রাব্বি আরও বলেন, ‘৩৬ বছর পর বঙ্গবন্ধু হত্যার বিচার হয়েছে। ৪২ বছর পর যুদ্ধাপরাধীদের বিচার হয়েছে। ত্বকী হত্যার নির্দেশদাতাদের অবশ্যই ফাঁসির কাষ্ঠে ঝুলতে হবে। এ থেকে তাদের পরিত্রাণ পাওয়ার কোনো কারণ নেই। ত্বকী হত্যার ৫০ মাস পূর্তিতে এই কথা বলতে চাই, ত্বকীসহ নারায়ণগঞ্জে চঞ্চল, আশিক হত্যাসহ সব হত্যাকাণ্ডের বিচার চাই। সব হত্যাকাণ্ডের বিচার আদায় করে ছাড়ব। আমরা সেই প্রতিজ্ঞাই আজ গ্রহণ করছি।’
২০১৩ সালের ৬ মার্চ মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকী অপহৃত হয়। ৮ মার্চ শীতলক্ষ্যা নদী থেকে তার লাশ উদ্ধার করা হয়। ত্বকী হত্যা মামলায় গ্রেপ্তার সুলতান শওকত ওরফে ভ্রমর আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে বলেছিলেন, আজমেরী ওসমানের নেতৃত্বে কলেজ রোড এলাকায় তার টর্চার সেলে নির্যাতন চালিয়ে ত্বকীকে হত্যা করা হয়। এ ঘটনার বিচারের দাবিতে প্রতি মাসের ৮ তারিখ নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট এ প্রতিবাদী কর্মসূচি পালন করে আসছে।