নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীকে হত্যায় আওয়ামী লীগ নেতা শামীম ওসমান ও তাঁর ছেলে অয়ন ওসমান জড়িত বলে আবার দাবি করেছেন ত্বকীর বাবা রফিউর রাব্বি।
ত্বকী হত্যার এক বছর পূর্তি উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বিকেলে নারায়ণগঞ্জ চারুকলা ইনস্টিটিউটে আয়োজিত এক চিত্রাঙ্কন প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠানে রফিউর রাব্বি এ দাবি করেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তিনি।
অনুষ্ঠানের প্রধান অতিথি ছিলেন সাহিত্যিক, শিক্ষাবিদ ও গবেষক হায়াৎ মামুদ। বিশেষ অতিথি ছিলেন বিটিভির ঊর্ধ্বতন শিল্পনির্দেশক জাহিদ মোস্তফা, চিত্রশিল্পী অশোক কর্মকার, জেলা খেলাঘরের সভাপতি রথীন চক্রবর্তী, জেলা সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবু এবং কেন্দ্রীয় খেলাঘরের সম্পাদক জহিরুল ইসলাম।
অনুষ্ঠানে সভাপতির দেওয়া বক্তব্যে রফিউর রাব্বি অভিযোগ করে বলেন, ‘খুনিদের বাবাদের রাষ্ট্রক্ষমতায় বসানো হয়েছে। হায়েনা-ঘাতকদের মনোনয়ন দিয়ে বিনা ভোটে এমপি নির্বাচিত করানো হয়েছে। বিনা ভোটে এমপি নির্বাচিত হয়ে আস্ফাালন করলেও তাঁরা আসলে কাগুজে বাঘ। আমরা আমাদের সন্তানদের ভবিষ্যৎ এসব হায়েনার হাতে তুলে দিতে পারি না।’
রফিউর রাব্বি বলেন, ‘আজমেরী ওসমানের পিতা নাসিম ওসমান বলেছেন, তাঁরা নাকি ত্বকীকে হত্যা করেননি। হত্যা করলে লাশ নদীতে ফেলতেন না। টুকরো করে লাশ মাছ দিয়ে খাইয়ে দিতেন।’
রফিউর আরও বলেন, ‘ত্বকী হত্যার বিচার যদি এ সরকার না-ও করে, তবু এই বিচার অমীমাংসিত থাকবে না। হয় এই বিচার জনগণ করবে, না-হয় রাষ্ট্রকেই এর বিচার করতে হবে।’ তিনি নারায়ণগঞ্জের ‘এই ঘাতক ও হায়েনাদের’ বিরুদ্ধে জনগণকে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগে দুপুরে শহরের শায়েস্তা খান রোডের বাসায় ত্বকীর আত্মার মাগফিরাত কামনায় দোয়া মাহফিল ও ভোজের আয়োজন করা হয়। মাহফিলে নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী, মহানগর আওয়ামী লীগের সভাপতি আনোয়ার হোসেন, জেলা যুবলীগের সভাপতি আবদুল কাদির, গণঐক্যের আহ্বায়ক পঙ্কজ ভট্টাচার্য, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জোনায়েদ সাকি প্রমুখ যোগ দেন।
সকালে বন্দর উপজেলার সিরাজ শাহ্র আস্তানায় ত্বকীর কবর জিয়ারত করেন পরিবারের সদস্য এবং বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, পেশাজীবী ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা।
ত্বকী হত্যার এক বছর পূর্তিতে গতকালের এসব কর্মসূচিতে খুনিদের ফাঁসির দাবি জানান অংশগ্রহণকারীরা।