ত্বকীকে নিয়ে সংবাদ দেখতে পারছে না নারায়ণগঞ্জবাসী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর আহমেদ ত্বকীর দ্বিতীয় মৃত্যুবার্ষিকী উপলক্ষে বেসরকারি টেলিভিশনে প্রচারিত কোনো প্রতিবেদন দেখতে পারছে না নারায়ণগঞ্জবাসী। আজ শুক্রবার বেলা দুইটা থেকে ত্বকীকে নিয়ে প্রতিবেদন প্রচারের সময় কেবল সংযোগ বন্ধ করে দেওয়া হচ্ছে উপজেলার বিভিন্ন স্থানে। ত্বকীর হত্যা নিয়ে প্রতিবেদন শেষ হতেই আবার চালু করা হয় সংযোগ।

আজ ৬ মার্চ তানভীর মুহম্মদ ত্বকী হত্যাকাণ্ডের দ্বিতীয় বার্ষিকী। এ উপলক্ষে আজ সকাল থেকেই বিভিন্ন বেসরকারি টেলিভিশন চ্যানেল ত্বকীকে নিয়ে বিশেষ প্রতিবেদন প্রচার করতে শুরু করে। কিন্তু বেলা দুইটার সংবাদ শুরু হওয়ার পরপরই নারায়ণগঞ্জ শহর, ফতুল্লা, সিদ্ধিরগঞ্জ ও বন্দরে কেবল সংযোগ বন্ধ করে দেওয়া হয়। ত্বকীকে নিয়ে প্রতিবেদন প্রচারের পর আবার ফিরিয়ে দেওয়া হয় সংযোগ। এর পর থেকে সন্ধ্যা সাতটা পর্যন্ত প্রতিটি সংবাদে একইভাবে কেবল সংযোগ বন্ধ করে দেওয়া হয়। ১০-১৫ মিনিট পর আবার সংযোগ ফিরিয়ে দেওয়া হয়।
নিহত ত্বকীর বাবা এবং সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বী বলেন, ‘ত্বকীর খুনিরা রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা পেয়ে আজ জনগণের ভোট ছাড়াই এমপি হয়ে গেছে। ত্বকীর সংবাদ প্রচার বন্ধ করে খুনিরা আবারও নারায়ণগঞ্জের মানুষের কাছে প্রমাণ দিল, তারাই ত্বকীকে খুন করেছে। ক্ষমতা, অবৈধ অস্ত্র ও পেশিশক্তির ভয় দেখিয়ে তারা কেবল অপারেটরদেরও বাধ্য করছে তাদের মতো কাজ করতে।’

ত্বকীর সংবাদ প্রচারের সময় কেন কেবল সংযোগ থাকছে না, জানতে চাইলে, নগরে স্যাটেলাইট চ্যানেল সম্প্রচারকারী এসবি কেবলের একজন কর্মী জানান, মালিক আবদুল করিম বাবু দেশের বাইরে। তাদের কাছে সম্প্রচার বিঘ্ন হচ্ছে বলে কেউ অভিযোগ করেনি বলেও দাবি করেন তিনি।
২০১৩ সালের ৬ মার্চ নিখোঁজ হওয়ার দুই দিন পর ৮ মার্চ শহরের চারারগোপ এলাকায় শীতলক্ষ্যা নদীর কুমুদিনী খাল থেকে ত্বকীর লাশ উদ্ধার করা হয়।