ত্বকীর খুনি ও নির্দেশদাতাদের গ্রেপ্তার দাবি
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর খুনি ও খুনের নির্দেশদাতাদের গ্রেপ্তারের দাবিতে সমাবেশ হয়েছে। জেলা সাংস্কৃতিক জোট গতকাল মঙ্গলবার সন্ধ্যায় নগরের চাষাঢ়া শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করে।
সমাবেশে নিহত ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, সরকার যেসব অপরাধের বিচার করতে আগ্রহী, সেগুলোর বিচার যথাসময়ে হচ্ছে। যেসব হত্যাকাণ্ডের বিচারে সরকার আগ্রহী নয়, সেগুলোর বিচার হচ্ছে না। ত্বকী হত্যাকাণ্ডের বিচারে সরকার অঘোষিত নিষেধাজ্ঞা জারি করেছে। এ কারণে পর্যাপ্ত সাক্ষ্য-প্রমাণ থাকা সত্ত্বেও গত ৩৩ মাসে ত্বকী হত্যা মামলার অভিযোগপত্র দেওয়া হয়নি।
নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান বলেন, আজমেরী ওসমানের নেতৃত্বে তাঁর টর্চার সেলে ত্বকীকে কীভাবে নৃশংসভাবে খুন করা হয়েছে, স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তা বলেছেন ত্বকী হত্যা মামলার গ্রেপ্তারকৃত আসামি সুলতান শওকত ওরফে ভ্রমর। অবিলম্বে আজমেরী ওসমানকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার জন্য সরকারের প্রতি দাবি জানান আবদুর রহমান।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি জিয়াউল ইসলামের সভাপতিত্বে অন্যদের মধ্যে বক্তব্য দেন জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা গণসংহতি আন্দোলনের সমন্বয়ক তরিকুল সুজন, সিপিবির জেলা কমিটির সদস্য দুলাল সাহা, সাংস্কৃতিক জোটের সাবেক সভাপতি প্রদীপ ঘোষ। সমাবেশ শেষে ত্বকী স্মরণে মোম-শিখা প্রজ্বালন করা হয়।