মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর হত্যাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা ও মামলার অভিযোগপত্র দ্রুত দাখিল করে বিচারকার্য শুরুর দাবি জানিয়ে দেশের ২২ জন বিশিষ্ট নাগরিক বিবৃতি দিয়েছেন। গত মঙ্গলবার সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের সদস্যসচিব কবি হালিম আজাদ স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়।
বিবৃতিতে স্বাক্ষর করেন ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, আহমদ রফিক, কামাল লোহানী, ড. সন্জীদা খাতুন, অধ্যাপক হাসান আজিজুল হক, অধ্যাপক যতীন সরকার, বদিউল আলম মজুমদার, অধ্যাপক সৈয়দ আনোয়ার হোসেন, সুলতানা কামাল, হায়াৎ মামুদ, সৈয়দ আবুল মকসুদ, অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম, ড. সফিউদ্দিন আহমদ, মামুনুর রশীদ, অধ্যাপক শান্তনু কায়সার, ডা. সারোয়ার আলী, অধ্যাপক শফি আহমেদ, মফিদুল হক, অধ্যাপক আনু মুহাম্মদ, অধ্যাপক এম এম আকাশ ও শিশির ভট্টাচার্য্য।
বিবৃতিতে বলা হয়, ২০১৩ সালের ৬ মার্চ তানভীর মুহাম্মদ ত্বকীকে নৃশংসভাবে হত্যা করা হয়। এ হত্যাকাণ্ডের তদন্তকারী সংস্থা র্যা পিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যা ব) ঘটনার এক বছরের মধ্যে তদন্ত শেষ করে সংবাদমাধ্যমে জানিয়ে দেয় ত্বকীকে কীভাবে, কখন, কোথায়, কী জন্য ও কারা কারা হত্যা করেছে। র্যা ব তখন খসড়া একটি অভিযোগপত্র সাংবাদিকদের সরবরাহ করে বলে, অচিরেই তা আদালতে পেশ করা হবে, যা সংবাদমাধ্যমে জানা যায়। কিন্তু ত্বকী হত্যার তিন বছর অতিবাহিত হলেও এখন পর্যন্ত সে অভিযোগপত্র দাখিল করা হয়নি। এরই মধ্যে ১৬৪ ধারায় জবানবন্দির মাধ্যমে ও র্যা বের তদন্তে যার নেতৃত্বে ত্বকীকে হত্যা করা হয়েছে বলে প্রকাশ পেয়েছে, সেই অভিযুক্ত আসামি এখন জনসমক্ষে ঘুরে বেড়াচ্ছে। আবার কেউ কেউ উচ্চ আদালত থেকে জামিন নিয়ে দেশ ছেড়ে পালিয়েও গেছে।
বিবৃতিতে বলা হয়, ‘বিচার-প্রক্রিয়াকে বিলম্বিত করা বা বিচারহীনতার সংস্কৃতি কোনোভাবেই আমাদের কাম্য নয়। আমরা দেখেছি রাজন-রাকিব হত্যার বিচার সাড়ে তিন মাসে সম্পন্ন করে সরকার উদাহরণ তৈরি করতে পেরেছে। অথচ তিন বছরেও ত্বকী হত্যার অভিযোগপত্রই দেওয়া হলো না। আমরা ত্বকী হত্যার অভিযোগপত্র দ্রুত দাখিল ও সব অপরাধীকে গ্রেপ্তার করে আইনের আওতায় আনার দাবি জানাচ্ছি।’