ত্বকীর খুনিদের গ্রেপ্তারে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা
নারায়ণগঞ্জের মেধাবী ছাত্র তানভীর মুহাম্মদ ত্বকীর খুনি ও খুনের নির্দেশদাতাদের গ্রেপ্তার করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে নির্দেশ দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানিয়েছেন ত্বকীর বাবা রফিউর রাব্বি।
ত্বকী হত্যাকাণ্ডের ২৭ মাস পূর্তিতে খুনি ও খুনের নির্দেশদাতাদের গ্রেপ্তারের দাবিতে নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোট মোম শিখা প্রজ্বালন কর্মসূচি পালন করেছে। গতকাল সোমবার সন্ধ্যায় চাষাঢ়ায় শহীদ মিনার প্রাঙ্গণে এ কর্মসূচি পালন করা হয়।
কর্মসূচি চলাকালে অনুষ্ঠিত সমাবেশে ত্বকীর বাবা ও সন্ত্রাস নির্মূল ত্বকী মঞ্চের আহ্বায়ক রফিউর রাব্বি প্রধানমন্ত্রীর প্রতি এ আহ্বান জানান। তিনি বলেন, ‘প্রধানমন্ত্রীকে মনে রাখতে হবে, তিনি দেশের ১৬ কোটি মানুষের প্রধানমন্ত্রী, শুধু ওসমান পরিবারের নয়। ত্বকী হত্যার কলঙ্কের দায় থেকে মুক্ত হওয়ার জন্য প্রধানমন্ত্রীকেই হত্যাকারীদের গ্রেপ্তারের নির্দেশ দিতে হবে।’
রফিউর রাব্বি অভিযোগ করে বলেন, ত্বকী হত্যার তদন্তকারী সংস্থা র্যাব ইতিমধ্যে বলেছে, আজমেরী ওসমানের নির্দেশে ও নেতৃত্বে তাঁর টর্চার শেলে ১১ জন নির্মম নির্যাতন চালিয়ে ত্বকীকে খুন করেছে। কিন্তু ত্বকী হত্যার মূল নির্দেশদাতা শামীম ওসমান। এ হত্যাকাণ্ডে তাঁর ছেলে অয়ন ওসমানও জড়িত।
নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি প্রদীপ ঘোষ বাবুর সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা খেলাঘরের সভাপতি রথীন চক্রবর্তী, নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান, জেলা সিপিবির সভাপতি হাফিজুল ইসলাম, জেলা বাসদের সমন্বয়ক নিখিল দাস, জেলা গণসংহতি আন্দোলনের তরিকুল সুজন ও নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মনি সুপান্থ।